আগামী ১২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ইংল্যান্ডের মাটিতে বসবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর। আইসিসির এই মেগা টুর্নামেন্টে সরাসরি অংশগ্রহণের সুযোগ হারিয়েছিল বাংলাদেশ। তবে বিশ্বকাপ বাছাইপর্বে তারা অপরাজেয় থেকে যাত্রা শেষ করেছে। শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বাছাইপর্বে চ্যাম্পিয়ন হলো নিগার সুলতানা জ্যোতির দল।
রোববার (১ ফেব্রুয়ারি) নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাট করতে নেমে ডাচ মেয়েরা ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০২ রান তোলে। নিয়ন্ত্রিত বোলিংয়ে ৩ উইকেট নিয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ স্পিনার নাহিদা আক্তার। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ২০ বল এবং ৭ উইকেট হাতে রেখে টাইগ্রেসরা গন্তব্যে পৌঁছে যায়। হাফসেঞ্চুরি করেছেন অধিনায়ক জ্যোতি।
এর আগে ব্যাটিংয়ের শুরুতেই বিপর্যয়ে পড়ে নেদারল্যান্ডস। তাদের প্রথম চার ব্যাটারের কেউই ৪ রানের বেশি করতে পারেননি। কেবল দুজন ব্যাটার দুই অঙ্কের ঘর ছুঁতে পেরেছেন। পঞ্চম ব্যাটার রবিন রিজকি ৪৫ বলে ৩৯ এবং সাতে নামা সানিয়া খুরানা ৩৭ বলে করেছেন ৪৩ রান। ফলে টেনেটুনে দলীয় একশ পেরোয় ডাচ মেয়েরা। বিপরীতে বাংলাদেশের পক্ষে নাহিদা আক্তার মাত্র ১০ রানের বিনিময়ে ৩ এবং মারুফা আক্তার, স্বর্ণা আক্তার ও রাবেয়া খান একটি করে উইকেট শিকার করেন।
লক্ষ্য তাড়ায় নেমে মাত্র ৪ রানেই আউট হন বাংলাদেশের ওপেনার দিলারা আক্তার। আরেক ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসও ২ রানের ব্যবধানে আউট। ২৮ বল খেলা শারমিন আক্তার সুপ্তাও খুব একটা স্বস্তিতে ছিলেন না। করেছেন মাত্র ১৩ রান। এরপর ৫৭ রানের জুটিতে জয় নিশ্চিত করেছেন জ্যোতি ও সোবহানা মোস্তারি। জ্যোতি ৪৪ বলে ৭ চারের সাহায্যে ৫০ এবং সোবহানা ২৩ বলে ৩৩ রানে অপরাজিত ছিলেন। এ নিয়ে বাছাইপর্বের সাত ম্যাচেই জয় পেল বাংলাদেশ।