মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দাপুটে জয় পেয়েছে ধূমকেতু একাদশ। অধিনায়ক লিটন দাস ও সাইফ হাসানের দুর্দান্ত ব্যাটিংয়ে ২৩ বল হাতে রেখেই ৪ উইকেটের জয় নিশ্চিত করে দলটি। ব্যাটিং বিপর্যয়ে পড়া দুরন্ত একাদশের দেওয়া ১৪৪ রানের লক্ষ্য অনায়াসেই টপকে যায় লিটনের দল।
১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল ধূমকেতু একাদশ। ওপেনার তানজিদ হাসান তামিম ৮ বলে ১৭ রান করে বিদায় নিলেও অপর প্রান্তে চড়াও হন সাইফ হাসান। সাইফ মাত্র ৩০ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৫০ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন।
তিন নম্বরে নেমে ম্যাচের ভাগ্য পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে নেন অধিনায়ক লিটন দাস। ১০টি বাউন্ডারিতে সাজানো লিটনের অপরাজিত ৬৫ রানের ইনিংসে ভর করে ১৬.১ ওভারেই জয়ের বন্দরে (১৪৬/৪) পৌঁছে যায় ধূমকেতু। মাঝে পারভেজ ইমন (৬) ও তাওহীদ হৃদয় (২) দ্রুত বিদায় নিলেও জয় পেতে কোনো বেগ পেতে হয়নি। শামীম পাটোয়ারী ২ রানে অপরাজিত থাকেন। দুরন্ত একাদশের মেহেরব হাসান ২৩ রানে ৩টি উইকেট শিকার করলেও হার এড়াতে তা যথেষ্ট ছিল না।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভার শেষ হওয়ার এক বল আগেই ১৪৩ রানে অলআউট হয় দুরন্ত একাদশ। ওপেনার মাহফিজুল ইসলাম রবিন ৩৬ বলে সর্বোচ্চ ৩৯ রান করেন। এছাড়া জিসান আলম (১৪), আজিজুল হাকিম তামিম (১৬), আকবর আলী (১৮) ও মেহেরব হাসান (১৫) ছোট কিছু ইনিংস খেললেও বড় স্কোর গড়তে ব্যর্থ হন।
ধূমকেতু একাদশের বোলারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন লেগ স্পিনার রিশাদ হোসেন। মাত্র ২১ রান দিয়ে তিনি শিকার করেন ৩টি উইকেট। এছাড়া শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব ২টি করে এবং মোস্তাফিজুর রহমান ও শেখ মেহেদী ১টি করে উইকেট নেন।