টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে আজ (শনিবার)। বিশ্বকাপের পর্দা ওঠার ঠিক আগমুহূর্তে বড় ধাক্কা খেল স্বাগতিক ভারত। চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন তরুণ পেসার হার্শিত রানা। তার পরিবর্তে অভিজ্ঞ পেসার মোহাম্মদ সিরাজকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) গভীর রাতে এক মিডিয়া বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। উদ্বোধনী ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে ভারত।
আইসিসি জানায়, গত ৪ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ডান হাঁটুতে চোট পান হার্শিত। সেই চোট গুরুতর হওয়ায় তাকে স্কোয়াড থেকে সরিয়ে নিতে বাধ্য হয় ভারত। বদলি হিসেবে আসা মোহাম্মদ সিরাজের রয়েছে ৪৫টি টেস্ট, ৫০টি ওয়ানডে ও ১৬টি টি-টোয়েন্টি খেলার বিশাল অভিজ্ঞতা।
ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব হার্শিতের ইনজুরি নিয়ে আক্ষেপ প্রকাশ করে বলেন, ‘হার্শিতকে বিশেষ পরিকল্পনা নিয়েই ১৫ জনের দলে রাখা হয়েছিল। তাকে না পাওয়া অবশ্যই বড় ধাক্কা। তবে আমাদের হাতে বিকল্প আছে। আগামীকালকের ম্যাচের জন্য আমরা সেরা একাদশ নিয়েই মাঠে নামব।’
ভারতের দুশ্চিন্তা বাড়িয়েছেন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরও। সাইড স্ট্রেন ও পাঁজরের চোটে তিনি অনিশ্চিত হয়ে পড়েছেন। এই পরিস্থিতিতে দলের কম্বিনেশন নিয়ে সূর্যকুমার জানান, ব্যাটিং করতে পারা বোলারদের অগ্রাধিকার দেওয়া হতে পারে। তবে লোয়ার অর্ডার ব্যাটারদের ওপর খুব বেশি চাপ না দিয়ে টপ অর্ডারকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
উদ্বোধনী ম্যাচে ফেভারিট হিসেবে মাঠে নামলেও ইনজুরি সমস্যা ভারতের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করল। এখন দেখার বিষয়, সিরাজের অন্তর্ভুক্তি ভারতের বোলিং আক্রমণকে কতটা শক্তিশালী করে।