তিন দল নিয়ে শুরু হচ্ছে নারী বিপিএল, কবে থেকে শুরু

দেশের নারী ক্রিকেটের দীর্ঘদিনের অপেক্ষা শেষ হতে যাচ্ছে। প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পা রাখছেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। আগামী এপ্রিল মাসে তিন দল নিয়ে যাত্রা শুরু করছে ‘নারী বিপিএল’। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই চূড়ান্ত ঘোষণা দিয়েছে।

বিসিবির তথ্যমতে, নারী বিপিএলের প্রথম আসরটি আগামী ৩ এপ্রিল শুরু হয়ে চলবে ১৫ এপ্রিল পর্যন্ত। টুর্নামেন্টে জাতীয় দলের তারকা ক্রিকেটারদের পাশাপাশি খেলার সুযোগ পাবেন উদীয়মান প্রতিভা ও বিদেশি ক্রিকেটাররা। স্থানীয় ক্রিকেটারদের ড্রাফটের মাধ্যমে এবং বিদেশি ক্রিকেটারদের সরাসরি চুক্তিতে দলে ভেড়াতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো।

নারী বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিসিবির নারী বিভাগের প্রধান রুবাবা দৌলা। টুর্নামেন্টের সূচি, ভেন্যু, সম্প্রচার স্বত্ব এবং ফ্র্যাঞ্চাইজি সংক্রান্ত যাবতীয় তথ্য শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছে বিসিবি।

সম্প্রতি ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে মূল আসর নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। মাঠের সেই দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে বলে মনে করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, ছেলেদের বিপিএল ইতোমধ্যে ১২টি সফল আসর সম্পন্ন করেছে। সবশেষ আসরে রাজশাহী ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এবার ছেলেদের পাশাপাশি মেয়েদের ক্রিকেটেও নতুন উন্মাদনা ছড়িয়ে দিতে প্রস্তুত বিসিবি।