চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বপ্নভঙ্গ হলেও ইতিহাস গড়লেন সিকান্দার রাজা। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৩০০০ রানের মাইলফলক স্পর্শ করে নতুন উচ্চতায় পৌঁছেছেন জিম্বাবুয়ের এই অধিনায়ক।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) চেন্নাইয়ের ঐতিহ্যবাহী এম এ চিদাম্বরম স্টেডিয়ামে স্বাগতিক ভারতর কাছে ৭২ রানে হারে জিম্বাবুয়ে। ২৫৭ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেটে ১৮৪ রানেই থামে তাদের ইনিংস। ২১ বলে ৩১ রানের লড়াকু ইনিংস খেলেন রাজা—আর এই ছোট ইনিংসই তাকে নিয়ে যায় ব্যক্তিগত মাইলফলকে।
৩৯ বছর বয়সী এই অলরাউন্ডার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩০০০ রান পূর্ণ করা জিম্বাবুয়ের প্রথম এবং বিশ্বের ১৪তম ব্যাটার। এই তালিকায় আছেন বাবর আজম, বিরাট কোহলি, রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চসহ আরও অনেক তারকা।
এখন পর্যন্ত ১২৭ ইনিংসে ৩০১৬ রান করেছেন রাজা। তার গড় ২৬.২২, স্ট্রাইক রেট ১৩৬.২৮। রয়েছে ১টি সেঞ্চুরি ও ১৬টি হাফ-সেঞ্চুরি। শুধু ব্যাট হাতে নয়, বল হাতেও সমান কার্যকর—নিয়েছেন ১০৪টি উইকেট।
এই পরিসংখ্যান তাকে এনে দিয়েছে আরেকটি বিরল কীর্তি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিন হাজার রান ও ১০০ উইকেটের ‘ডাবল’ করা বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার এখন তিনি। এর আগে একমাত্র এই কীর্তি গড়েছিলেন বীরান্দীপ সিং—যার ঝুলিতে রয়েছে ৩১৮০ রান ও ১০৯ উইকেট।