‘সাকিবকে খেলতে না দেওয়া অপরাধ হলে শাস্তি পেতে রাজি’

'সাকিব আল হাসানকে খেলতে না দেওয়াটা যদি অপরাধ হয়, তবে যেকোনো শাস্তি পেতেও আমি প্রস্তুত'—এভাবেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শ্যামপুর থানায় এনসিপি আয়োজিত ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এর আগে ক্রিকেটার সাকিব আল হাসান–এর ভক্তরা দুদক কার্যালয়ে গিয়ে তার বিরুদ্ধে অভিযোগ দেন।

আসিফ মাহমুদ বলেন, দুদকে অভিযোগ করার প্রক্রিয়া সহজ এবং যে কেউ অভিযোগ করতে পারেন। তবে এ ঘটনায় ‘মব’ সৃষ্টি করাকে তিনি প্রশ্নবিদ্ধ বলে উল্লেখ করেন। 'কেন গণমাধ্যমে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি?'—প্রশ্ন তোলেন তিনি।

তিনি আরও বলেন, 'সাকিব আল হাসানের জাতীয় পতাকা বহনের নৈতিক অধিকার নেই।' তবে তাকে খেলতে না দেওয়ার সিদ্ধান্ত যদি অপরাধ হিসেবে বিবেচিত হয়, তাহলে আইনগত যেকোনো পরিণতি মেনে নিতে তিনি প্রস্তুত বলেও জানান।