বাবার মৃত্যুর শোক কাটিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ‘বাঁচা-মরার’ লড়াইয়ের আগে ভারতীয় দলে যোগ দিচ্ছেন হার্ডহিটার ব্যাটার রিঙ্কু সিং। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) উত্তর প্রদেশের আলিগড়ে বাবার শেষকৃত্য সম্পন্ন করেই দলের সঙ্গে যোগ দিতে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি। খবর হিন্দুস্তান টাইমসের।
রিঙ্কু সিংয়ের বাবা খঞ্চান্দ সিং দীর্ঘদিন ধরে স্টেজ ফোর ক্যানসারে আক্রান্ত ছিলেন। শুক্রবার সকালে গ্রেটার নয়ডার একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বাবার অসুস্থতার খবর পেয়ে সুপার এইট পর্বের মাঝেই বারবার ছুটতে হয়েছে রিঙ্কুকে। প্রথমে আহমেদাবাদ থেকে নয়ডা, এরপর জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ খেলতে চেন্নাই গেলেও বাবার মৃত্যুর খবর পেয়ে পুনরায় আলিগড়ে ফিরে আসেন তিনি। সেখানে নিজ হাতে বাবার শেষকৃত্যের সমস্ত ধর্মীয় আচার পালন করেন রিঙ্কু।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) একটি সূত্র জানিয়েছে, চরম ব্যক্তিগত শোকের মধ্যেও জাতীয় দলের হয়ে অবদান রাখতে মুখিয়ে আছেন এই বাঁহাতি ব্যাটার। শনিবার (২৮ ফেব্রুয়ারি) তাঁর কলকাতায় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে। রোববার সন্ধ্যায় কলকাতার ইডেন গার্ডেনসে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ভারত।
রোববারের এই ম্যাচটি ভারতের জন্য ‘মাস্ট-উইন’ বা জেতা ছাড়া কোনো বিকল্প নেই। এই ম্যাচে জয় পেলে ভারত সরাসরি সেমিফাইনালের টিকিট নিশ্চিত করবে। আর হারলে ওয়েস্ট ইন্ডিজ সেমির দৌড়ে এগিয়ে যাবে। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে রিঙ্কু ডাগআউটে থাকলেও একাদশে ছিলেন না; ব্যাটিং গভীরতা বাড়াতে সাঞ্জু স্যামসনকে খেলানো হয়েছিল। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে রিঙ্কু সিং একাদশে ফিরবেন কি না, সেটিই এখন দেখার বিষয়।