ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাকে পবিত্র কুরআন উপহার দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবর। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১০টার পর মিরপুরে প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কার্যালয়ে গিয়ে তিনি পবিত্র কুরআন উপহার দেন।
বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
ভাতৃত্বের জায়গা থেকেই ক্রীড়া প্রতিমন্ত্রীকে এই উপহার দিয়েছেন বলে জানান আসিফ। সেখানে বিশেষ কোনো ইস্যুতে আমিনুল হকের সঙ্গে কথা হয়নি বলেও জানান এই বোর্ড পরিচালক।
এর আগে অক্টোবরে বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জয়ী হয়ে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে নতুন বোর্ড গঠন করা হয়। এই বোর্ডকে সেসময়ে অবৈধ বলে মন্তব্য করেছিলেন আমিনুল হক।
তবে ক্রীড়া প্রতিমন্ত্রী হওয়ার পর বিষয়টি নিয়ে আর কোনো মন্তব্য করতে শোনা যায়নি তাকে। আসিফের বিশ্বাস, নিজের দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টাই করবেন আমিনুল হক।
প্রতিমন্ত্রীর প্রতি আস্থা প্রকাশ করে আসিফ আকবরের প্রত্যাশা, আমিনুল হক দায়িত্ব পালনে সর্বোচ্চ আন্তরিকতা দেখাবেন। দেশের ক্রীড়া ফেডারেশনগুলোর সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে উদ্যোগ নেবেন এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করার মাধ্যমে কিশোর গ্যাং ও মাদকের মতো সামাজিক সমস্যার প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবেন।