ঘরের মাঠে ফেরা নিয়ে বড় চ্যালেঞ্জে কোহলির আরসিবি

অবশেষে ঘোষণা করা হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) ২০২৬-এর প্রথম পর্বের সময়সূচি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের (SRH) বিপক্ষে উদ্বোধনী ম্যাচ খেলার কথা রয়েছে। তবে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে এই ম্যাচ আয়োজন নিয়ে বড় ধরণের শর্ত জুড়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)।

বিসিসিআই জানিয়েছে, বেঙ্গালুরুতে ম্যাচ আয়োজন পুরোপুরি নির্ভর করছে কর্নাটক সরকারের গঠিত ‘এক্সপার্ট কমিটির’ ছাড়পত্রের ওপর। মূলত ২০২৫ সালে আরসিবি-র আইপিএল শিরোপা জয়ের পর বেঙ্গালুরুতে আয়োজিত বিজয় প্যারেডের সময় পদপিষ্ট হয়ে হতাহতের ঘটনার প্রেক্ষিতে সরকার এবার বাড়তি সতর্কতা অবলম্বন করছে।

আরসিবি এবার তাদের হোম গ্রাউন্ডে মোট ৫টি ম্যাচ এবং রায়পুরে ২টি ম্যাচ খেলার পরিকল্পনা করেছে। বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৩ মার্চ কর্নাটক সরকারের বিশেষজ্ঞ কমিটি চিন্নাস্বামী স্টেডিয়াম পরিদর্শন করবে। ওই দিন ম্যাচ আয়োজনের নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে একটি পূর্ণাঙ্গ ‘মক ড্রিল’ বা মহড়া অনুষ্ঠিত হবে। যদি কমিটি স্টেডিয়ামের প্রস্তুতিতে সন্তুষ্ট হয়, তবেই মিলবে ম্যাচ আয়োজনের অনুমতি।

আইপিএল ২০২৬-এর প্রথম পর্বে ২০টি ম্যাচের সূচি ঘোষণা করা হয়েছে। এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বেঙ্গালুরু, মুম্বাই, গুয়াহাটি, নিউ চণ্ডীগড়, লখনউ, কলকাতা, চেন্নাই, দিল্লি, আহমেদাবাদ এবং হায়দরাবাদ—এই ১০টি ভেন্যুতে। তবে ভারতের তিনটি রাজ্যে বিধানসভা নির্বাচন থাকায় পুরো টুর্নামেন্টের সূচি এখনই দেওয়া হয়নি। ভোটের তারিখ ঘোষণার পর চূড়ান্ত সূচি জানানো হবে।

উদ্বোধনী দিনে আরসিবি বনাম হায়দরাবাদ লড়াইয়ের পর রোববার হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইট রাইডার্স। আগামী ৪ এপ্রিল ২০২৬ মৌসুমে প্রথম ‘ডাবল-হেডার’ ম্যাচ অনুষ্ঠিত হবে।