টেস্টে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে বুমরাহ, ১৩ নম্বরে তাইজুল

আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত টেস্ট র‍্যাঙ্কিংয়ে নিজেদের আধিপত্য ধরে রেখেছেন ভারতের জসপ্রিত বুমরাহ এবং ইংল্যান্ডের জো রুট। বোলারদের তালিকায় বুমরাহ এবং ব্যাটারদের তালিকায় রুট শীর্ষস্থান দখল করে আছেন।

বুধবার (১৩ মে) ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এই নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করে।

টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৮৭৯ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বর স্থানটি নিজের করে রেখেছেন ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহ। বাংলাদেশের স্পিন আক্রমণের প্রধান অস্ত্র তাইজুল ইসলাম ৭০৪ পয়েন্ট নিয়ে তালিকার ১৩তম স্থানে অবস্থান করছেন।

বোলারদের তালিকায় বড় পরিবর্তন এসেছে অস্ট্রেলিয়ার ও নিউজিল্যান্ডের বোলারদের অবস্থানে। অজি পেসার মিচেল স্টার্ক দ্বিতীয় স্থানে এবং অধিনায়ক প্যাট কামিন্স চতুর্থ স্থানে উঠে এসেছেন। কিউই পেসার ম্যাট হেনরি এক লাফে তালিকার তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছেন।

ব্যাটসম্যানদের তালিকায় ৮৮০ পয়েন্ট নিয়ে সবার উপরে আছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জো রুট। দ্বিতীয় স্থানে রয়েছেন তারই সতীর্থ হ্যারি ব্রুক। এরপর যথাক্রমে অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড (৩য়) এবং স্টিভ স্মিথ (৪র্থ) অবস্থান করছেন।

ভারতের তরুণ তুর্কিদের মধ্যেও র‍্যাঙ্কিংয়ে উন্নতির ছাপ দেখা গেছে। ওপেনার যশস্বী জয়সওয়াল ৭৫০ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছেন। অন্যদিকে, এক ধাপ এগিয়ে ৭৩০ পয়েন্ট নিয়ে নবম স্থানে উঠে এসেছেন শুভমান গিল।