নাঈমকে হেনস্তার অভিযোগে খুলশী থানার ওসি প্রত্যাহার

জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে হেনস্তার অভিযোগের ঘটনায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (১৩ জুন) সিএমপির পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়। বিষয়টি শনিবার রাত পৌনে ১২টার দিকে নিশ্চিত করেন সিএমপির সহকারী পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত দায়িত্বে জনসংযোগ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রশিদ।

আদেশ অনুযায়ী, ওসি মো. আরিফুর রহমানকে সিএমপি পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। একইসঙ্গে, সিটিএসবিতে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. জাহেদুল কবিরকে বাকলিয়া থানার ওসি এবং বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমানকে খুলশী থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

এর আগে শুক্রবার রাতে চট্টগ্রাম বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথে লালখান বাজার ফ্লাইওভারের মুখে নাঈম হাসানকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে হেনস্তা ও মারধরের অভিযোগ ওঠে খুলশী থানা পুলিশের বিরুদ্ধে।

এ ঘটনায় নাঈমের ভাই বাদী হয়ে খুলশী থানায় মামলা দায়ের করেন। মামলায় উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম, কনস্টেবল রাসেল এবং পুলিশের সোর্স সোহেলকে আসামি করা হয়। অভিযোগের পর অভিযুক্ত তিনজনকেই দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।