ইংল্যান্ডে নতুন দিগন্ত খুললেন পেসার হাসান মাহমুদ 

বাংলাদেশের পেসার হাসান মাহমুদের জন্য ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে আরেকটি নতুন দুয়ার খুলেছে। লাল বলের ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এবার তাকে সাদা বলের ক্রিকেটেও সুযোগ দিয়েছে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী কাউন্টি ক্লাব কেন্ট। ক্লাবটির হয়ে আসন্ন ভাইটালিটি টি-টোয়েন্টি ব্লাস্টে তিন ম্যাচের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই ডানহাতি পেসার। কেন্ট এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

কয়েক দিন আগে কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের জার্সিতে অভিষেক হয় হাসান মাহমুদের। বাংলাদেশের হয়ে কাউন্টি ক্রিকেটে সাকিব আল হাসানের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে অভিষেকের কৃতিত্ব অর্জন করেন তিনি। অভিষেকের পর মাত্র দুই ম্যাচেই ১২ উইকেট শিকার করে দলের আস্থা অর্জন করেন এই পেসার।

ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে অভিষেক ম্যাচের প্রথম ইনিংসে ৩ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে আলোচনায় উঠে আসেন হাসান। এরপর মিডলসেক্সের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে আরও ৩ উইকেট শিকার করেন। শুধু উইকেট নেওয়াই নয়, ইংল্যান্ডের কন্ডিশনে নিয়ন্ত্রিত লাইন-লেন্থ, সুইং ও সিম মুভমেন্টে প্রতিপক্ষ ব্যাটারদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে ওঠেন তিনি। তার ধারাবাহিক পারফরম্যান্সই টি-টোয়েন্টি ব্লাস্টে সুযোগ পাওয়ার পথ তৈরি করে দেয়।

তবে এই টুর্নামেন্টে খেলতে হলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র (এনওসি) প্রয়োজন হবে। এনওসি মিললে প্রথমবারের মতো ইংল্যান্ডের জনপ্রিয় টি-টোয়েন্টি প্রতিযোগিতা ভাইটালিটি ব্লাস্টে মাঠে নামবেন হাসান মাহমুদ।

সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে হাসান বলেন, কেন্টের হয়ে সময়টা তিনি দারুণ উপভোগ করছেন। আবারও ক্লাবটির হয়ে খেলার সুযোগ এবং টি-টোয়েন্টি ব্লাস্টে অবদান রাখার সুযোগ পেয়ে তিনি এক মুহূর্তও দ্বিধা করেননি। সামনে থাকা গুরুত্বপূর্ণ তিনটি ম্যাচে নিজের সেরাটা দিয়ে দলকে নকআউট পর্বে জায়গা করে দিতে চান তিনি।

হাসান আরও বলেন, তার ওপর আস্থা রাখার জন্য কেন্টের প্রতি তিনি কৃতজ্ঞ। বিশ্বের অন্যতম সেরা টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলার সুযোগকে নিজের জন্য বড় মঞ্চ হিসেবে দেখছেন তিনি। এই প্রতিযোগিতায় ভালো পারফরম্যান্সের মাধ্যমে সাদা বলের ক্রিকেটে নিজের অবস্থান আরও শক্ত করার প্রত্যাশাও ব্যক্ত করেন বাংলাদেশের এই পেসার।

আগামী ৫ জুলাই হ্যাম্পশায়ার হকসের বিপক্ষে, ১০ জুলাই সারের বিপক্ষে এবং ১২ জুলাই মিডলসেক্সের বিপক্ষে কেন্টের হয়ে মাঠে নামার সূচি রয়েছে হাসান মাহমুদের। তিনটি ম্যাচেই তার পারফরম্যান্সের দিকে নজর থাকবে বাংলাদেশ ও ইংল্যান্ড—দুই দেশের ক্রিকেটপ্রেমীদের।