টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ

জিম্বাবুয়ে সফর এখন পর্যন্ত মোটেও সুখকর হয়নি বাংলাদেশের। একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজও ২-১ ব্যবধানে খুইয়েছে টাইগাররা। এবার টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ।

তিন ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহিদ হৃদয়। বুধবার (১৫ জুলাই) বুলাওয়েতে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় শুরু হয়েছে ম্যাচটি।

চোটের কারণে এই ম্যাচে খেলছেন না নিয়মিত অধিনায়ক লিটন দাস। তার সঙ্গে দলে নেই অভিজ্ঞ বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানও। তাদের অনুপস্থিতিতে একাদশে জায়গা পেয়েছেন ইয়াসির আলি চৌধুরী। দীর্ঘদিন পর জাতীয় দলের টি-টোয়েন্টি দলে ফিরেছেন এই মিডল অর্ডার ব্যাটার।

দুই বিশেষজ্ঞ স্পিনার শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদকে নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিনও ফিরেছেন মূল একাদশে।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয় (অধিনায়ক), ইয়াসির আলি চৌধুরী, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, নাহিদ রানা, তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফ উদ্দিন।

জিম্বাবুয়ে একাদশ: ব্রায়ান বেনেট, তাদিওয়ানাশে মারুমানি, ডিওন মায়ার্স, সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, মিল্টন শুম্বা, ক্লাইভ মাদান্দে (উইকেটরক্ষক), টিনোটেন্ডা মুসেকিওয়া, লুক ইভান্স, রিচার্ড নগারাভা ও ব্লেসিং মুজারাবানি।