অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয় পাওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৬ আগস্ট) নিজের ফেসবুক পেজে দেওয়া এক ভিডিওসহ পোস্টে বাংলাদেশ দলের এই ঐতিহাসিক জয়ের জন্য ক্রিকেটারদের অভিনন্দন জানান তিনি।
পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জয়ের ঐতিহাসিক সাফল্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন।’
তিনি আরও লেখেন, ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে বাংলাদেশ যে অসাধারণ সাফল্য অর্জন করেছে, তা দেশের ক্রিকেট ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল মাইলফলক।
প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই এমন স্মরণীয় জয় বাংলাদেশের ক্রিকেটারদের দৃঢ় মনোবল, আত্মবিশ্বাস, দক্ষতা ও দলগত প্রচেষ্টার উজ্জ্বল দৃষ্টান্ত।
ডারউইন টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশ ৪২৬ রান করে। জবাবে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ১৯৮ এবং দ্বিতীয় ইনিংসে ২৮৪ রান করে। ফলে বাংলাদেশের সামনে জয়ের জন্য ৫৭ রানের লক্ষ্য দাঁড়ায়। পরে এক উইকেট হারিয়ে সেই লক্ষ্য পেরিয়ে ৯ উইকেটে জয় পায় বাংলাদেশ।