আফগানদের বিপক্ষে ৩৪৬ রানে থামলো বাংলাদেশের প্রথম ইনিংস

আফগানিস্তানের বিপক্ষে টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ধসের মুখে পড়ে ৩৪৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। ৮ উইকেটে ৩১৭ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ আজ নিজেদের স্কোরকার্ডে আর মাত্র ২৯ রান যুক্ত করতেই বাকি দুই ব্যাটারকে হারায়। দলের শেষ ব্যাটার হিসেবে রানের খাতা খোলার আগেই ইয়ামিন আহমাদজাইয়ের বলে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন এবাদত হোসেন।

এর আগে দিনের শুরুতেই তাইজুল ইসলামকে (৯) সাজঘরে পাঠান আফগান পেসার মোহাম্মদ সেলিম। আম্পায়ার প্রথমে সাড়া না দিলেও রিভিউ নিয়ে গ্লাভসে বল লাগার সত্যতা পেয়ে তাইজুলকে আউট ঘোষণা করা হয়। ফলে ৩৩৫ রানে নবম উইকেটের পতন ঘটে। আফগানিস্তানের পক্ষে মোহাম্মদ সেলিম সর্বোচ্চ ৪টি এবং ইয়ামিন আহমাদজাই ৩টি উইকেট শিকার করেন।

প্রথম দিনে তানজিদ হাসান তামিম ও সাদমান ইসলামের ১২৪ রানের উদ্বোধনী জুটিতে দারুণ সূচনা করেছিল বাংলাদেশ। তামিম ৪১ বলে ঝোড়ো ফিফটি তুলে নিয়ে ৮৩ রানে আউট হন। এরপর সাদমানও ৬৭ রানের কার্যকর ইনিংস খেলে বিদায় নেন। কিন্তু দুই ওপেনারের বিদায়ের পর মাঝপথে ছন্দ হারায় স্বাগতিকদের ব্যাটিং লাইনআপ।

মাত্র ৫ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে বড় বিপদে পড়ে বাংলাদেশ। মুমিনুল হক ৩৯ রানে এবং শান্ত ২৯ রানে আউট হলেও সবচেয়ে বড় ধাক্কা ছিল মুশফিকুর রহিমের শূন্য রানে বিদায়। ইয়ামিন আহমাদজাইয়ের দুর্দান্ত ইনসুইং ইয়র্কারে বোল্ড হন এই অভিজ্ঞ ব্যাটার।

পরবর্তীতে লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের ৬২ রানের জুটি প্রাথমিক বিপর্যয় সামাল দেয়। মিরাজ ২৪ রানে আউট হওয়ার পর লিটন দাস তাঁর টেস্ট ক্যারিয়ারের ২১তম হাফসেঞ্চুরি পূরণ করলেও ৫১ রান করেই সাজঘরে ফেরেন। শেষ দিকে হাসান মাহমুদ (২) ও এবাদত হোসেন দ্রুত বিদায় নিলে ৩৪৬ রানেই থামে বাংলাদেশের প্রথম ইনিংস।