ক্রিকেট থেকে ‘নোংরা রাজনীতি’ দূরে চান ভারত-পাকিস্তানের সমর্থকরা

মাঠে উত্তপ্ত বাক্যবিনিময়, রাগী মুখ, ধাক্কাধাক্কি, করমর্দন নিয়ে বিতর্ক কিংবা ট্রফি গ্রহণে অনীহা ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচে এমন ঘটনা নতুন নয়। দুই দেশের ক্রিকেটীয় প্রতিদ্বন্দ্বিতাকে ঘিরে মাঠের উত্তেজনাকে অনেকে খেলারই অংশ মনে করেন। তবে দুই দেশের অনেক সমর্থক চান, প্রিয় খেলাটিকে রাজনৈতিক বিরোধ থেকে দূরে রাখা হোক।

রোববার (২২ নভেম্বর) কাতারের দোহায় এশিয়া কাপ রাইজিং স্টারস ২০২৬-এর ম্যাচে মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান। মধ্যপ্রাচ্যের গরম আবহাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে মাঠেও উত্তাপ ছড়ায়। পাকিস্তান প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার কিছুক্ষণ পর ভারতের পেসার হর্ষিত রানা ও পাকিস্তানের টপ-অর্ডার ব্যাটারদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। আউট হওয়া ব্যাটারদের বিদায় জানানোর সময়ও ছিল আক্রমণাত্মক আচরণ।

ভারতের ইনিংসেও সেই উত্তেজনা অব্যাহত থাকে। শেষ পর্যন্ত লক্ষ্যমাত্রা থেকে ৪৮ রান পিছিয়ে পড়ে ভারত। ফলে প্রতিবেশী দেশটির বিপক্ষে বিরল এক জয় পায় পাকিস্তান।

তবে গ্যালারির চিত্র ছিল ভিন্ন। কাতারে সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় শুরুতে ওয়েস্ট এন্ড ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে দর্শক কম থাকলেও ম্যাচের দ্বিতীয়ার্ধে গ্যালারি প্রায় ১০ হাজার দর্শকের ধারণক্ষমতায় পৌঁছে যায়। ভারত ও পাকিস্তানের সমর্থকদের পাশাপাশি নিরপেক্ষ দর্শকেরাও নিজ নিজ দলের জার্সি পরে, দেশের পতাকা হাতে নিয়ে এবং খেলোয়াড়দের নামে স্লোগান দিয়ে একসঙ্গে খেলা উপভোগ করেন।

‘খেলার মধ্যে রাজনীতি থাকা উচিত নয়’

ভারতীয় সমর্থক মোহাম্মদ সাঈদ খান ও পাকিস্তানি সমর্থক আবরার হোসেনের কাছে ক্রিকেট উপভোগ করতে আলাদা গ্যালারির প্রয়োজন নেই। দোহায় বসবাসকারী এই দুই বন্ধু ছয় বছরেরও বেশি সময় ধরে একসঙ্গে আছেন।

ভারতের মুম্বাইয়ের বাসিন্দা সাঈদ খান ভারতীয় দলের নীল জার্সি পরে বসেছিলেন পাকিস্তানি বন্ধু হোসেনের পাশে। হোসেনের গায়ে ছিল পাকিস্তানের জার্সি। তাঁরা দুজনই দোহায় একটি সাপ্তাহিক ক্রিকেট লিগে একই দলে খেলেন। একসঙ্গে থাকা, খাওয়া এবং ক্রিকেটের প্রতি ভালোবাসা তাঁদের বন্ধুত্বকে আরও দৃঢ় করেছে বলে জানান খান।

খেলার রাজনীতিকরণে হতাশা প্রকাশ করে পাকিস্তানের করাচির বাসিন্দা আবরার হোসেন বলেন, রাজনীতিকে খেলার বাইরে রাখা উচিত। ক্রিকেট তাঁদের হৃদয়ের খুব কাছের খেলা। কোনো কিছু দিয়ে তাঁরা এই খেলাকে নষ্ট হতে দিতে চান না।

গত বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনের সংঘাতের পর দুই দেশের ক্রিকেট ম্যাচও রাজনৈতিক উত্তেজনার প্রভাব থেকে মুক্ত থাকতে পারেনি। পুরুষ ও নারী দলের পাশাপাশি বয়সভিত্তিক ক্রিকেটেও এর প্রভাব দেখা গেছে।

সংঘাতের চার মাস পর ২০২৫ সালের পুরুষদের এশিয়া কাপে মুখোমুখি হয় দুই দল। সে সময় মাঠেও দুই দেশের বৈরিতার ছাপ দেখা যায়। ভারতীয় খেলোয়াড়েরা পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে করমর্দন এড়িয়ে যান। অন্যদিকে পাকিস্তানি খেলোয়াড়েরা সীমান্তে সংঘটিত আকাশপথের সংঘাতের সঙ্গে সম্পর্কিত কিছু অঙ্গভঙ্গি করেন। টুর্নামেন্ট শেষে চ্যাম্পিয়ন ভারতীয় দল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পাকিস্তানি প্রধানের কাছ থেকে ট্রফি গ্রহণ করতেও অস্বীকৃতি জানায়।

পরবর্তী ভারত-পাকিস্তান ম্যাচগুলোতেও একই ধরনের ঘটনা ঘটেছে। এমনকি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও জয়ের পর ভারতীয় খেলোয়াড়দের আচরণ নিয়ে সমালোচনা হয়।

সাঈদ খানের মতে, অনেক খেলোয়াড়ই হয়তো এমন আগ্রাসী আচরণ করতে চান না, কিন্তু রাজনীতিকদের চাপে তাঁরা তা করতে বাধ্য হন। তরুণ খেলোয়াড়েরাও বড়দের কাছ থেকে এমন আচরণ শিখছেন।

তিনি বলেন, ক্রিকেট বোর্ডগুলোর উচিত এ ধরনের আচরণের জন্য খেলোয়াড়দের বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া। একই সঙ্গে নিশ্চিত করতে হবে, এমন আচরণ যেন পরবর্তী প্রজন্মের মধ্যে ছড়িয়ে না পড়ে।

বন্ধু হোসেনও মনে করেন, মাঠে এমন আচরণ ক্রিকেটের ভবিষ্যতের জন্য উদ্বেগজনক। তাঁর ভাষায়, রাজনীতি ক্রিকেটকে বিষিয়ে তুলেছে। তরুণ ক্রিকেটারদের মধ্যেও এমন আচরণ দেখা যাওয়া খেলাটির ভবিষ্যতের জন্য ভালো লক্ষণ নয়।

ক্রিকেট ঘিরে মিলনমেলা

কাতারের দোহায় এশিয়া কাপ রাইজিং স্টারসের ম্যাচ আয়োজন করা হয়েছে এশিয়ান টাউনে। রাজধানীর শিল্পাঞ্চলে কর্মরত দক্ষিণ এশীয় অভিবাসীদের বসবাস এই এলাকায়। নিজ দেশের দলকে কাছাকাছি মাঠে খেলতে দেখার সুযোগ তাঁদের দৈনন্দিন কর্মব্যস্ততার মধ্যে আনন্দের উপলক্ষ হয়ে উঠেছে। আবাসস্থল থেকে হেঁটে মাঠে যাওয়ার সুযোগও তাঁদের জন্য বাড়তি সুবিধা।

তবে ভারত-পাকিস্তান ম্যাচের আকর্ষণে কাতারের বিভিন্ন এলাকা থেকেও দর্শকেরা এসেছিলেন। ভারতের নয়াদিল্লির বাসিন্দা এবং দোহায় বসবাসকারী অবিনাশ ড্যানিয়েল পরিবারের সদস্য ও দুই বন্ধুকে নিয়ে মাঠে আসেন।

স্টেডিয়ামে বসে প্রথমবার ভারত-পাকিস্তান ম্যাচ দেখার অভিজ্ঞতাকে দারুণ বলে উল্লেখ করেন তিনি। গ্যালারিতে তাঁর চারপাশে ভারতীয় ও পাকিস্তানি সমর্থকেরা একসঙ্গে বসে খেলা উপভোগ করছিলেন।

ড্যানিয়েল বলেন, গ্যালারিতে ভারতীয় বা পাকিস্তানি সমর্থকদের জন্য আলাদা কোনো অংশ নেই। সবাই একসঙ্গে বসে খেলা দেখছেন। এটি সত্যিই চমৎকার সাংস্কৃতিক অভিজ্ঞতা।

পেশায় রেলওয়ে প্রকৌশলী ড্যানিয়েলের মতে, ক্রিকেটের রাজনীতিকরণে রাজনীতিবিদেরা লাভবান হলেও খেলোয়াড় বা সমর্থকদের কোনো উপকার হয় না। কোটি কোটি মানুষ যে খেলাকে বিনোদন ও স্বস্তির মাধ্যম হিসেবে দেখেন, তাঁরা সেটি উপভোগ করতে চান।

ম্যাচ শেষে ভারতীয় ও পাকিস্তানি সমর্থকেরা একই রেস্তোরাঁয় গিয়ে ঐতিহ্যবাহী আরব খাবার মান্দি খেতে পারেন বলেও মন্তব্য করেন তিনি। চাল ও মাংস দিয়ে তৈরি এই খাবার ভারতীয় কিংবা পাকিস্তানি—দুই দেশের মানুষের হাতেই রান্না ও পরিবেশিত হতে পারে। ড্যানিয়েলের এই মন্তব্য যেন মাঠের বাইরের এক সহজ বাস্তবতাই তুলে ধরে—রাজনৈতিক বিরোধ থাকলেও মানুষের বন্ধুত্ব ও খেলাধুলার প্রতি ভালোবাসা সীমান্তের বিভাজন মানে না।

সূত্র: আল-জাজিরা