প্রায় এক বছর আগে অভিমানের জেরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চাকরি ছাড়লেও আবারও মিরপুরে ফিরলেন অস্ট্রেলিয়ান কিউরেটর টনি হেমিং। এবার তিনি শুধু কিউরেটর নন, বরং বিসিবির টার্ফ ম্যানেজমেন্ট উইংয়ের প্রধান হিসেবে দুই বছরের জন্য যোগ দিচ্ছেন। আজ শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এসে দায়িত্ব বুঝে নেন তিনি।
বাংলাদেশ ছাড়ার আগে বিসিবির অভ্যন্তরীণ শ্রীলঙ্কান সিন্ডিকেট নিয়ে খোলাখুলি সমালোচনা করেছিলেন হেমিং। পদত্যাগের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান কিউরেটরের দায়িত্ব নিলেও সেখান থেকেও দুই বছরের চুক্তি শেষ হওয়ার আগে বিদায় নেন।
নতুন ভূমিকায় হেমিং দেশের সব আন্তর্জাতিক ভেন্যুর কিউরেটরদের তত্ত্বাবধান করবেন এবং তাদের কাছ থেকে নিয়মিত রিপোর্ট গ্রহণ করবেন। বিসিবির চারজন মৃত্তিকাবিজ্ঞানী ও অন্যান্য কিউরেটরদেরও তিনি প্রশিক্ষণ দেবেন।
এদিকে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের দীর্ঘদিনের প্রধান কিউরেটর গামিনী ডি সিলভার কাজ নিয়ে বিসিবির ভেতরে অসন্তোষ থাকলেও সম্প্রতি তার সঙ্গে আরও এক বছরের চুক্তি নবায়ন করা হয়েছে। হেমিং ফেরায় এখন গামিনীর দায়িত্বে চাপ বাড়তে পারে, কারণ তার কাজের সরাসরি মূল্যায়ন করবেন নতুন টার্ফ ম্যানেজমেন্ট প্রধান।