বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিতে। আগামী ২ ডিসেম্বর শুরু হয়ে ২০২৫ সালের ৪ জানুয়ারি পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। তিনি খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
দুবাই ক্যাপিটালস ইংল্যান্ডের পেসার লুক উডের বদলি হিসেবে দলে নিয়েছে মুস্তাফিজকে। তার সতীর্থ হবেন শ্রীলঙ্কার দাসুন শানাকা ও দুশমন্ত চামিরা, আফগানিস্তানের গুলবাদিন নাইবসহ আরও আন্তর্জাতিক ক্রিকেটার।
৩০ সেপ্টেম্বর আইএল টি-টোয়েন্টির নিলাম। তার আগেই মুস্তাফিজকে দলে টেনে নিয়েছে দুবাই ক্যাপিটালস। এটি হবে তার চতুর্থ বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অংশগ্রহণ।
তবে এই লিগে খেলতে হলে বিসিবির অনুমতি প্রয়োজন হবে। কারণ একই সময়ে শুরু হতে যাচ্ছে বিপিএল, যা ছাড়পত্রের বিষয়ে অনিশ্চয়তা তৈরি করেছে।
আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে ৬ কোটি রুপির চুক্তিতে খেলা মুস্তাফিজ এবার একই ফ্র্যাঞ্চাইজির অধীনে আইএল টি-টোয়েন্টিতে মাঠে নামবেন। এর আগে তিনি আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস ও দিল্লির হয়ে খেলেছেন। এছাড়া খেলেছেন লঙ্কা প্রিমিয়ার লিগ, পাকিস্তান সুপার লিগ ও ভাইটালিটি ব্লাস্টে।