ফুটবল বিশ্বের সবচেয়ে বড় নামগুলোর একজন, লিওনেল মেসি আবারও আসছেন ভারতে। দীর্ঘ ১৪ বছর পর এশিয়ার এই দেশ সফর নিয়ে স্বয়ং মেসিই জানিয়েছেন তার আনন্দের কথা। সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টাইন অধিনায়ক লিখেছেন, ‘এই ডিসেম্বরে ভারতের মতো সুন্দর একটি দেশে যাওয়ার জন্য আমি রোমাঞ্চিত। সেখানে কনসার্ট, যুব ফুটবল ক্লিনিক, প্যাডেল কাপে অংশগ্রহণ এবং দাতব্য উদ্যোগ উন্মোচন করতে পারাটা হবে আনন্দের।’
আগামী ১২ ডিসেম্বর কলকাতায় অবতরণ করবেন আটবারের ব্যালন ডি অর জয়ী। সফরের শুরু হবে যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে, যেখানে হবে বহুল আলোচিত ‘গোট কনসার্ট’। প্রথমে ইডেন গার্ডেন্সে আয়োজনের কথা থাকলেও শেষ পর্যন্ত স্থান পরিবর্তন করা হয়েছে। সেই কনসার্ট শেষে তিনি লেকটাউনে নিজের মূর্তি উন্মোচন করবেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভারতের মাটিতে থাকবেন মেসি। কলকাতা ছাড়াও মুম্বাই, দিল্লি এবং সম্ভাব্য আরেকটি শহরে তার কর্মসূচি নির্ধারিত হয়েছে। ১৪ ডিসেম্বর মুম্বাইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে অনুষ্ঠান শেষে প্যাডেল গোট কাপে দর্শক হিসেবেও হাজির থাকবেন তিনি। সেখানেই উপস্থিত থাকবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসসহ বলিউডের একাধিক তারকা। দিল্লি সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন আর্জেন্টাইন মহাতারকা।
২০১১ সালে কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে আর্জেন্টিনার হয়ে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে নেমেছিলেন মেসি। সেই ম্যাচেই দেশের হয়ে প্রথমবার অধিনায়কত্ব করেছিলেন তিনি। দীর্ঘ ১৪ বছর পর আবারও সেই শহরেই ফিরতে যাচ্ছেন তিনি, তবে এবার বিশ্বকাপজয়ী অধিনায়ক হিসেবে।
মেসির ম্যানেজমেন্টের পক্ষ থেকেও জানানো হয়েছে, ভারত সফর তার কাছে বিশেষ কিছু। বিবৃতিতে মেসি বলেছেন, ‘ভারত আমার কাছে খুব স্পেশাল একটা দেশ। সেখানে আবারও যেতে পারাটা আমার জন্য সম্মানের। আগের সফরে অসাধারণ কিছু মুহূর্ত ছিল, এবারও আমি একই অভিজ্ঞতার অপেক্ষায় আছি।’