সাম্প্রতিক সময়ে ফিটনেস আর পারফরম্যান্স নিয়ে ওঠা সব সমালোচনার জবাব মাঠেই দিলেন নেইমার জুনিয়র।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে ভিলা বেলমিরোতে নেইমারের জোড়া গোলে ভাস্কো দা গামাকে ২-১ ব্যবধানে হারিয়েছে সান্তোস। এই জয়ের মাধ্যমে নতুন মৌসুমে ক্লাবটিকে প্রথম জয়ের স্বাদ দিলেন ব্রাজিলিয়ান এই তারকা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে থাকা নেইমার ২৫ মিনিটেই দলকে লিড এনে দেন। দারুণ ফিনিশিংয়ে গোল করার পর গ্যালারির দিকে তাকিয়ে ‘চুপ’ থাকার ইশারা করেন তিনি। এরপর কর্নার ফ্ল্যাগের কাছে গিয়ে বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করা স্বদেশি ভিনিসিউস জুনিয়রের ঢঙে নেচে উদ্যাপন করেন তিনি। ৪৩ মিনিটে ভাস্কো দা গামা সমতা ফেরালেও ৬১ মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন নেইমার।
দীর্ঘ চোট কাটিয়ে গত ১৬ ফেব্রুয়ারি মাঠে ফেরেন নেইমার। প্রথম ম্যাচে অ্যাসিস্ট করলেও পরের ম্যাচে হারতে হয়েছিল তার দলকে। নেইমারের ফর্ম নিয়ে খোদ ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি সতর্কবার্তা দিয়েছিলেন—শতভাগ ফিট না হলে বিশ্বকাপ দলে জায়গা হবে না। এমন চাপের মুখে এই জোড়া গোল নেইমারের জাত আরও একবার চিনিয়ে দিল।
ম্যাচ শেষে নিজের ক্ষোভ ও স্বস্তি উগরে দিয়ে নেইমার বলেন, ‘গত সপ্তাহেও তারা বলছিল আমি নাকি বিশ্বের সবচেয়ে খারাপ খেলোয়াড়। আজ আমি দুই গোল করেছি এবং এটাই প্রয়োজন ছিল। এটাই ফুটবল; একদিন আপনাকে অবসর নিতে বলবে, আবার পরদিনই বলবে আপনাকে বিশ্বকাপে যেতেই হবে।’
জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতার এই প্রত্যাবর্তন সান্তোস ভক্তদের পাশাপাশি ব্রাজিল সমর্থকদের মনেও নতুন আশার সঞ্চার করেছে।