মধ্যপ্রাচ্যে সংকট ঘিরে কাতারে আর্জেন্টিনা-স্পেন দ্বৈরথ ‘ফিনালিসিমা’ নিয়ে শঙ্কা

ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রভাবে কাতার ফুটবল ফেডারেশন (কিউএফএ) রোববার (১ মার্চ) ঘোষণা করেছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব টুর্নামেন্ট ও ম্যাচ স্থগিত থাকবে। ফলে আর্জেন্টিনা ও স্পেনের ‘ফিনালিসিমা’ ম্যাচের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে উঠেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ কিউএফএ বলেছে, 'প্রতিযোগিতা পুনরায় শুরু হওয়ার নতুন তারিখ যথাসময়ে জানানো হবে।' হামলার সরাসরি উল্লেখ করা হয়নি।

ইরানি হামলার প্রভাবে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলের ফ্লাইটে বিঘ্ন দেখা দিয়েছে এবং দোহা বিমানবন্দরেও অচলাবস্থা সৃষ্টি হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে রবিবার (১ মার্চ) ভোর পর্যন্ত দোহার আকাশে ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে কড়া নিরাপত্তা দেখা গিয়েছে। এছাড়া ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত ও কাতার তাদের আকাশসীমা বন্ধ করে দেয়।

প্রথমবারের মতো লামিন ইয়ামাল ও লিওনেল মেসির মুখোমুখি হওয়ার এই ম্যাচটি ২৭ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে স্পেনের ক্রীড়া দৈনিক ‘এএস’ জানিয়েছে, ম্যাচটি বর্তমানে ‘অনিশ্চয়তার মধ্যে’ রয়েছে। রোববার বিকেল পর্যন্ত রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন ইএসপিএন-কে কোনো নতুন খবর দেননি।

এর আগে, এশিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এফসি চলতি সপ্তাহে মধ্যপ্রাচ্যে অনুষ্ঠিতব্য মহাদেশীয় ক্লাব চ্যাম্পিয়নশিপের প্লে-অফগুলোও স্থগিত করে। এফসি জানিয়েছে, চ্যাম্পিয়নস লিগ এলিটের শেষ ষোলোর ম্যাচগুলো নতুন সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

 

সূত্র: স্পেনের ক্রীড়া দৈনিক 'এএস'