বিশ্বকাপে খেলা আমার হাতে নেই: নেইমার

ক্যারিয়ারজুড়ে চোটের সাথে লড়াই করা ব্রাজিলিয়ান মহাতারকা নেইমারের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসন্ন বিশ্বকাপে জাতীয় দলে জায়গা করে নেওয়া। বিশ্বকাপ দরজায় কড়া নাড়লেও দলে সুযোগ পাওয়া নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন এই ফরোয়ার্ড। দীর্ঘ ইনজুরি কাটিয়ে মাঠে ফিরলেও চূড়ান্ত সিদ্ধান্ত কোচিং স্টাফদের ওপরই ছেড়ে দিয়েছেন তিনি।

সবশেষ ২০২৩ সালে ব্রাজিলের জার্সি গায়ে চড়ানো নেইমার সৌদি প্রো লিগ মাতিয়ে বর্তমানে ফিরেছেন তার শৈশবের ক্লাব সান্তোসে। গত বছরের ডিসেম্বরে বাঁ-হাঁটুতে হওয়া আর্থ্রোস্কোপিক সার্জারির পর বর্তমানে তিনি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন।

গতরাতে ব্রাজিলের সিরি ‘আ’-তে সান্তোস ও করিন্থিয়ানসের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামেন নেইমার। ১-১ গোলে ড্র হওয়া এই ম্যাচের ২২ মিনিটে নেইমারের চমৎকার অ্যাসিস্টেই গোল করেন সান্তোস স্ট্রাইকার গ্যাব্রিয়েল বারবোসা। ম্যাচ শেষে জাতীয় দলে ফেরা প্রসঙ্গে নেইমার বলেন, ‘জাতীয় দলে ফেরার লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। বিশ্বকাপে খেলার খুব ইচ্ছে আমার। তবে সেটা আমার হাতে নেই। এই সিদ্ধান্ত নেবে কোচিং স্টাফ। দলে থাকি বা না থাকি, সব সময়ই সেলেসাওদের সমর্থন দিয়ে যাব।’

আগামী ২৬ মার্চ ফ্রান্স এবং ১ এপ্রিল ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি হাইভোল্টেজ প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। আজ এই দুই ম্যাচের জন্য দল ঘোষণা করবেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। এই দুই ম্যাচে সুযোগ পাওয়া এবং পারফরম্যান্স করার ওপরই নির্ভর করছে নেইমারের বিশ্বকাপ ভাগ্য।

২০০২ সালে সবশেষ বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। এরপর দীর্ঘ ২৪ বছর কেটে গেলেও হেক্সা মিশন পূর্ণ হয়নি তাদের। ২০১৪ সালে ঘরের মাঠে সেমিতে উঠলেও জার্মানির কাছে বিধ্বস্ত হতে হয়েছিল তাদের। এখন দেখার বিষয়, আনচেলত্তির অধীনে নেইমার কি পারবেন ব্রাজিলকে সেই সোনালী ট্রফি এনে দিতে, নাকি চোটই কেড়ে নেবে তার শেষ সুযোগ।