এল ক্ল্যাসিকো: ২৯তম শিরোপার খোঁজে বার্সা, মান বাঁচানোর চ্যালেঞ্জে রিয়াল মাদ্রিদ

রিয়াল মাদ্রিদের ফুটবল আকাশে এখন বারুদের গন্ধ। একেই চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়তে হয়েছে আগেভাগে, লা লিগার শিরোপাও হারানোর পথে। এরই মধ্যে বোনাস হিসেবে, ভালভের্দে-চুয়ামেনির হাতাহাতি। ক্ল্যাসিকোর আমেজ ছাপিয়ে এই ঘটনাই যেন টক অব দ্য টাউন।

রোববার (১০ মে) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় মৌসুমের শেষ ‘এল ক্ল্যাসিকো'তে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে জিতলে বা ড্র করলেই লিগ শিরোপা নিশ্চিত করবে বার্সেলোনা। ম্যাচের আগে বাইরের বিষয় নিয়ে আলোচনা রিয়াল মাদ্রিদ, ম্যাচেই মনোযোগ বার্সা কোচের। 

গত বুধবার অনুশীলনের মধ্যেই হাতাহাতি হয় ভালভের্দে ও চুয়ামেনির, পরদিনও তাই। ভালভার্দেকে হাসপাতালে পর্যন্ত যেতে হয়। এমনকি দুই ফুটবলারকে ৫ লাখ ইউরো পর্যন্ত জরিমানা করা হয়। দিনকয়েক আগে গণমাধ্যমে এসেছিল রুডিগার-কারেরাসের হাতাহাতির ঘটনা। ড্রেসিংরুমের গোপন তথ্য বারবার বাইরে আসাকে দলটার কোচ আলভারো আরবেলোয়ার কাছে চূড়ান্ত ‘বিশ্বাসঘাতকতা’

রিয়াল মাদ্রিদ কোচ আলভারো আরবেলোয়া বলেন, 'দুজনই তাদের ভুল স্বীকার করেছে, ক্ষমা চেয়েছে। আমার জন্য এটাই যথেষ্ট। গুরুতর এবং কষ্টের বিষয় হলো, রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমে যা ঘটে তা সেখানেই থাকা উচিত। ড্রেসিংরুমের ভেতরের বিষয় বাইরে আসা রিয়াল মাদ্রিদের সাথে বিশ্বাসঘাতকতা।'

মৌসুমের শেষ ‘এল ক্ল্যাসিকো’র আগে প্রতিপক্ষের ঘরের সমস্যা প্রকাশ্যে আসায় প্রতিপক্ষ কোচ হ্যান্সি ফ্লিকের খুশিই হওয়ার কথা। তবে বার্সেলোনার জার্মান কোচ নিপাট ভদ্রলোক। তার মনোযোগের পুরোটা জুড়েই ম্যাচ আর শিষ্যরা।

ফ্লিক বলেন, 'আমি রিয়াল মাদ্রিদ নিয়ে কথা বলতে চাই না, সেটা আমার কাজ নয়। এসব সারা বিশ্বেই ঘটে। আমি হয়তো কিছুটা অবাক হয়েছিলাম। তবে আমাকে ভাবতে হবে শুধু আমার ক্লাব আর দল নিয়ে। আমাদের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে। আমি বলছি না যে লকার রুমে কখনো কোনো সমস্যা হয় না, এমনটা হয়েই থাকে। কিন্তু এই মুহূর্তে আমাদের মধ্যে যোগাযোগটা দারুণ-এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

লিগে রিয়ালের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে রয়েছে বার্সা। আজ জিতলে বা ড্র করলেই নিজেদের ২৯তম লিগ শিরোপা নিশ্চিত করবে কাতালানরা। পাশাপাশি মৌসুমে প্রথম এল ক্লাসিকো হারের প্রতিশোধও পূরণ হবে তাদের। তবে শুধু জয় নয়, ড্র করলেও তিন ম্যাচ আগেই ট্রফি উদযাপনের সুযোগ থাকবে স্বাগতিকদের।