বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় নিকো পাজ

আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি যত এগোচ্ছে, আর্জেন্টিনা শিবিরে ততই বাড়ছে উদ্বেগ। এবার চোটের কবলে পড়েছেন দুর্দান্ত ফর্মে থাকা তরুণ মিডফিল্ডার নিকো পাজ। তার বিশ্বকাপে খেলা নিয়ে দেখা দিয়েছে বড় শঙ্কা। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইতালির ক্লাব কোমো ১৯০৭-এর হয়ে এ মৌসুমে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন ২১ বছর বয়সী এই ফুটবলার। কিন্তু সম্প্রতি ভেরোনার বিপক্ষে ম্যাচে বাঁ হাঁটুতে আঘাত পান তিনি। চোটের কারণে পরবর্তী সময়ে পারমার বিপক্ষে ম্যাচেও তাকে মাঠে নামানো সম্ভব হয়নি।

প্রাথমিক পরীক্ষায় বড় ধরনের লিগামেন্ট বা পেশির চোট ধরা না পড়লেও, হাঁটুর হাড়ে সমস্যা থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ কারণে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এই তরুণ তারকাকে নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করছে।

সংবাদমাধ্যমের খবর অনুসারে, নিকো পাজের শারীরিক অবস্থা সরাসরি পর্যবেক্ষণ করতে ইতালিতে বিশেষ চিকিৎসক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা কর্তৃপক্ষ। সেখানে ক্লাবের মেডিকেল টিমের সঙ্গেও তার চোটের সর্বশেষ অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

চলতি মৌসুমে কোমোর হয়ে নিয়মিত দুর্দান্ত খেলে আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নেওয়ার শক্ত দাবিদার হয়ে উঠেছিলেন নিকো পাজ। কিন্তু বিশ্বকাপের আগমুহূর্তে এই অপ্রত্যাশিত চোট তার বিশ্বমঞ্চে খেলার স্বপ্নে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।