বিশ্বকাপ ২০২৬

মার্কিন রেস্তোরাঁ বিলে যুক্ত হচ্ছে ‘বাধ্যতামূলক বকশিশ’

২০২৬ সালের ফিফা ফুটবল বিশ্বকাপ চলাকালে যুক্তরাষ্ট্রের আয়োজক শহরগুলোতে রেস্তোরাঁ বিলের সঙ্গে বাধ্যতামূলক ‘টিপস’ বা বকশিশ যুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে। মূলত আন্তর্জাতিক দর্শনার্থীদের মার্কিন টিপস সংস্কৃতি সম্পর্কে ধারণা না থাকায় রেস্তোরাঁ কর্মীদের আয় নিশ্চিত করতে এমন পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন মালিকরা।

যুক্তরাষ্ট্রের রেস্তোরাঁ শিল্পে টিপস কর্মীদের আয়ের একটি বড় অংশ। দেশটির অনেক ওয়েটার ও বারটেন্ডার সরকারি ন্যূনতম মজুরির চেয়েও কম বেতন পান এবং বাকি আয়টুকু টিপসের মাধ্যমে পূরণ করেন। রেস্তোরাঁ মালিকদের আশঙ্কা, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখ লাখ ফুটবল সমর্থক যদি টিপস না দেন, তবে কর্মীরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়বেন।

জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টার ‘টি’স ব্রাঞ্চ বার’-এর মালিক টেনেশিয়া মুরে বাটলার জানান, তারা স্বয়ংক্রিয় টিপসের হার ১৮ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, ‘অনেকেই টিপস দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না বা তাদের দেশে এই প্রচলন নেই। কিন্তু আমাদের কর্মীদের পারিশ্রমিক নিশ্চিত করতে এটি জরুরি।’

একই চিত্র দেখা গেছে বোস্টন এবং কানসাস সিটিতেও। ম্যাসাচুসেটস রেস্তোরাঁ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মেন্যুতে বিশেষ বার্তা দিয়ে ২০ শতাংশ বাধ্যতামূলক টিপস যোগ করার প্রস্তাব দেওয়া হয়েছে। অন্যদিকে, মিসৌরি রেস্তোরাঁ অ্যাসোসিয়েশনও ছয় সপ্তাহব্যাপী এই টুর্নামেন্টে বাধ্যতামূলক টিপস নীতি অনুসরণের পরামর্শ দিয়েছে।

তবে এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন কোনো কোনো মালিক। ম্যাসাচুসেটসের জিমি’স পাব-এর মালিক জর্জ প্যান্টোস মনে করেন, বাধ্যতামূলক চার্জ না বসিয়ে সাইনবোর্ডের মাধ্যমে পর্যটকদের টিপসের কথা স্মরণ করিয়ে দেওয়া ভালো। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, এই বর্ধিত ব্যয়ের ফলে ফুটবল সমর্থকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যেও নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিতে পারে।