বিশ্বকাপের আগে চোটের ধাক্কায় তিন দলে রদবদল

ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরুর ঠিক আগমুহূর্তে বড় ধরনের চোটের ধাক্কা সামলাতে হচ্ছে একাধিক দলকে। চোটের কারণে স্কটল্যান্ড, সুইডেন ও আইভরি কোস্ট এই তিন দলই তাদের স্কোয়াডে রদবদল আনতে বাধ্য হয়েছে। বিশ্বকাপের মঞ্চে মাঠে নামার আগেই ছিটকে গেছেন স্কটল্যান্ডের বিলি গিলমোর, সুইডেনের এমিল হোম এবং আইভরি কোস্টের ক্লেমঁ আকপা।

সবচেয়ে বড় ধাক্কাটি খেয়েছে ব্রাজিলের গ্রুপ প্রতিপক্ষ স্কটল্যান্ড। কুরাসাওয়ের বিপক্ষে শনিবারের শেষ প্রস্তুতি ম্যাচে হাঁটুতে চোট পান নাপোলির ২৪ বছর বয়সী মিডফিল্ডার বিলি গিলমোর। ম্যাচটিতে স্কটল্যান্ড ৪-১ ব্যবধানে জিতলেও গিলমোরের ছিটকে যাওয়ার খবর সেই জয়কে ম্লান করে দিয়েছে। স্কটিশ ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, গিলমোর বিশ্বকাপে খেলতে পারবেন না এবং তিনি ক্লাব নাপোলিতে ফিরে পুনর্বাসন শুরু করবেন। ১৯৯৮ সালের পর প্রথমবার বিশ্বকাপে সুযোগ পাওয়া স্কটল্যান্ডের জন্য এটি এক বড় ক্ষতি। গ্রুপ ‘সি’-তে থাকা স্কটল্যান্ড ১৩ জুন হাইতির বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে।

চোটের আঘাত লেগেছে সুইডেন শিবিরেও। জুভেন্টাসে খেলা ২৬ বছর বয়সী ডিফেন্ডার এমিল হোম মাংসপেশির চোটের কারণে কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকবেন, ফলে তারও বিশ্বকাপ স্বপ্ন ভেঙে গেছে। কোচ গ্রাহাম পটারের ঘোষিত স্কোয়াডে থাকা হোমের পরিবর্তে দলে ডাক পেয়েছেন ২৮ বছর বয়সী হারমান ইয়োহানসন। গ্রুপ ‘এফ’-এ থাকা সুইডেন ১৪ জুন তিউনিসিয়ার বিপক্ষে তাদের প্রথম ম্যাচ খেলবে।

আইভরি কোস্ট দলেও শেষ মুহূর্তে পরিবর্তন আনতে হয়েছে। ফরাসি ক্লাব অজেরের হয়ে অনুশীলনের সময় অ্যাডাক্টর চোটে পড়া ডিফেন্ডার ক্লেমঁ আকপা বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। আইভরি কোস্ট ফুটবল ফেডারেশন তার জায়গায় লেফট-ব্যাক ক্রিস্টোফার অপেরিকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে। তুরস্কের ইস্তাম্বুল বাসাকসেহিরে খেলা অপেরি ইতোমধ্যে প্যারিসে দলের ক্যাম্পে যোগ দিয়েছেন। আইভরি কোস্ট ৪ জুন ফ্রান্সের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে গ্রুপ ‘ই’-তে ইকুয়েডর, জার্মানি ও কুরাসাওয়ের মুখোমুখি হবে।

বিশ্বকাপের ঠিক আগের এই চোট দলগুলোর জন্য শুধু খেলোয়াড় হারানো নয়, বরং শেষ মুহূর্তে পরিকল্পনা বদলানো ও দলের ভারসাম্য ধরে রাখার এক নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।