ইউরোপের ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগে পিএসজি (প্যারিস সেইন্ট জার্মেই)–এর ঐতিহাসিক শিরোপা জয়ের উল্লাস ফ্রান্সের বিভিন্ন শহরে সহিংসতায় রূপ নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে অভিযান চালিয়ে শতাধিক বিক্ষোভকারী ও দাঙ্গাকারীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার (৩০ মে) রাতে ফাইনালে পিএসজির জয়ের পর রাজধানী প্যারিসসহ বিভিন্ন এলাকায় হাজারো সমর্থক রাস্তায় নেমে উদযাপন শুরু করেন। তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে বেশ কয়েকটি স্থানে সংঘর্ষ, অগ্নিসংযোগ, ভাঙচুর এবং পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে ব্যাপক সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়।
ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে, বিভিন্ন শহরে গাড়িতে আগুন দেওয়া, দোকানপাট ও জনসম্পত্তি ক্ষতিগ্রস্ত করার অভিযোগে বহু মানুষকে আটক করা হয়েছে। সহিংসতার ঘটনায় কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।
চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জয়ের আনন্দে পিএসজি সমর্থকদের বিপুল উচ্ছ্বাস দেখা গেলেও, সেই উদযাপনের মধ্যেই সহিংসতা ও বিশৃঙ্খলার ঘটনা দেশজুড়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। সূত্র: আলজাজিরা