রাতে মাঠে নামছে ব্রাজিল, যেভাবে দেখবেন সরাসরি সম্প্রচার

আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু করছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। রিও ডি জেনেরিওর মারাকানা স্টেডিয়ামে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় পানামার মুখোমুখি হবে সেলেসাওরা। বাংলাদেশ সময় ম্যাচটি অনুষ্ঠিত হবে রোববার (৩১ মে) রাত সাড়ে ৩টায়।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবোর প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাচটি একটি ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। ফলে বাংলাদেশের দর্শকরাও কোনো বাড়তি ঝামেলা ছাড়াই ম্যাচটি উপভোগ করতে পারবেন।

কোচ কার্লো আনচেলত্তির সম্ভাব্য শুরুর একাদশে রয়েছেন গোলরক্ষক অ্যালিসন বেকার। রক্ষণভাগে দেখা যেতে পারে ওয়েসলি, ব্রেমার, লিও পেরেইরা ও আলেক্স স্যান্ড্রোকে। মাঝমাঠে থাকবেন ক্যাসেমিরো ও ব্রুনো গুইমারেস। আর আক্রমণভাগে দায়িত্ব নিতে পারেন ম্যাথুস কুনহা, রাফিনহা, ভিনিসিউস জুনিয়র ও লুইস হেনরিক।

বিশ্বকাপের আগে ৭ জুন নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ হবে মোহামেদ সালাহর মিসর।

এরপরই শুরু হবে বিশ্বকাপ মিশন। ১৪ জুন ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে ব্রাজিল। ২০ জুন দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ হাইতি এবং ২৫ জুন গ্রুপপর্বের শেষ ম্যাচে খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে।

ব্রাজিলের বিশ্বকাপ দল

গোলরক্ষক: অ্যালিসন বেকার, এডারসন, ওয়েভারটন।

ডিফেন্ডার: আলেক্স স্যান্ড্রো, ব্রেমার, দানিলো, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল ম্যাগালহাস, ইবানেজ, লিও পেরেইরা, মার্কুইনহোস, ওয়েসলি।

মিডফিল্ডার: ব্রুনো গুইমারেস, ক্যাসেমিরো, দানিলো, ফ্যাবিনহো, লুকাস পাকুয়েতা।

ফরোয়ার্ড: এন্দ্রিক, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, ইগর থিয়াগো, লুইস হেনরিক, ম্যাথুস কুনহা, নেইমার জুনিয়র, রাফিনহা, রায়ান ও ভিনিসিউস জুনিয়র।