উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ফুটবল উন্মাদনায় কাঁপছে পুরো ব্রাজিল। আসন্ন এই মেগা টুর্নামেন্ট ঘিরে সেলেসাওদের জার্সি নম্বর আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন।
তবে ভক্তদের সবচেয়ে বেশি কৌতূহল ছিল ব্রাজিলের ঐতিহ্যবাহী ‘১০’ নম্বর জার্সি নিয়ে। দীর্ঘদিন নেইমারের অনুপস্থিতিতে এই জার্সি পরেছেন ভিনিসিয়ুস জুনিয়র। কিন্তু এবার বিশ্বকাপকে সামনে রেখে সেই জার্সি আবারও ফিরছে নেইমারের দিকেই।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নেইমার দলে ফেরার পর নিজের অবস্থান থেকে সরে দাঁড়িয়ে ১০ নম্বর জার্সি তার জন্য ছেড়ে দিয়েছেন ভিনিসিয়ুস। ফলে আগামী বিশ্বকাপে নেইমার ১০ নম্বর জার্সি পরে মাঠে নামবেন, আর ভিনিসিয়ুস খেলবেন ৭ নম্বর জার্সিতে। ক্লাব রিয়াল মাদ্রিদেও তিনি এই ৭ নম্বর জার্সিই পরে থাকেন এবং অতীতেও ব্রাজিলের হয়ে এই নম্বরেই খেলেছেন।
চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা সান্তোস তারকা নেইমারের জন্য বিশ্বকাপ পর্যন্ত অপেক্ষা করবে ব্রাজিল দল—এমনটা আগেই নিশ্চিত করেছিলেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি। নেইমার ইতিমধ্যে বিশ্বকাপে ব্রাজিলের হয়ে ৮টি গোল করেছেন এবং ২০১৪, ২০১৮ ও ২০২২, এই তিনটি বিশ্বকাপে অংশ নিয়েছেন।
আন্তর্জাতিক কোচ হিসেবে এটি আনচেলত্তির প্রথম বড় টুর্নামেন্ট। বিশ্বকাপের আগে ব্রাজিল দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে পানামা ও মিশরের বিপক্ষে।
জার্সি তালিকায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও এসেছে। অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো ফিরেছেন দলে এবং তিনি আবারও পাচ্ছেন নিজের চেনা ৫ নম্বর জার্সি। অন্যদিকে আক্রমণভাগের তরুণ তারকা এন্দ্রিক খেলবেন ১৯ নম্বর জার্সি পরে। রাফিনিয়া থাকছেন ১১ নম্বরে, যা আগে রদ্রিগোর জন্য নির্ধারিত থাকার কথা ছিল, ইনজুরির কারণে তিনি দলে না থাকায় এই পরিবর্তন এসেছে।