বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক দিন আগে প্রযুক্তিগত ত্রুটির কারণে বিনা মূল্যে টিকিট পেয়ে যাওয়া প্রায় ৬০ জন সমর্থকের টিকিট বাতিল করেছে ফিফা। একই সঙ্গে তাদের সঠিক মূল্য পরিশোধ করে টিকিট নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
ফিফা জানিয়েছে, অনলাইন টিকিট বিক্রির সময় অর্থ পরিশোধসংক্রান্ত একটি ত্রুটির কারণে কিছু টিকিট শূন্য ডলারে বরাদ্দ হয়ে যায়। পরে বিষয়টি শনাক্ত হওয়ার পর সংশ্লিষ্ট সমর্থকদের সঙ্গে যোগাযোগ করা হয়।
এক বিবৃতিতে ফিফা জানায়, টিকিটগুলো এখনো সংশ্লিষ্ট সমর্থকদের জন্য সংরক্ষিত রয়েছে। তবে নির্ধারিত মূল্য পরিশোধ করলেই কেবল তারা টিকিটগুলো ধরে রাখতে পারবেন। সংস্থাটি এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং ভোগান্তির জন্য ক্ষমা চেয়েছে।
ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন বিশ্বকাপের টিকিট বিক্রি ও মূল্য নির্ধারণ নিয়ে ফিফা আগে থেকেই সমালোচনার মুখে রয়েছে। টিকিট বণ্টন, আসন বরাদ্দ এবং মূল্য কাঠামো নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।
আগামী ১১ জুন শুরু হতে যাওয়া ৪৮ দলের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। টুর্নামেন্ট চলবে ১৯ জুলাই পর্যন্ত। সূত্র: আলজাজিরা