বিশ্বকাপে অভিষেকের অপেক্ষায় থাকা স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল ভক্তদের জন্য এক ব্যতিক্রমী প্রতিশ্রুতি দিয়েছেন। আন্তর্জাতিক ফুটবলে বড় টুর্নামেন্ট শুরুর আগে খেলোয়াড়দের নানা রকম মানত বা অদ্ভুত প্রতিশ্রুতির কথা প্রায়ই শোনা যায়। এবার সেই তালিকায় যুক্ত হলেন বার্সেলোনার এই ১৮ বছর বয়সী উইঙ্গার। তিনি জানিয়েছেন, স্পেন যদি এবারের বিশ্বকাপ শিরোপা জিততে পারে, তবে টানা তিন সপ্তাহ তিনি দাড়ি-গোঁফ কাটবেন না।
শুধু নিজের রূপ বদলানোই নয়, বিশ্বকাপ জয়ের উদ্যাপনে সমর্থকদেরও বড় উপহার দিতে চান এই তরুণ তুর্কি। শিরোপা জয়ের আনন্দ ভাগাভাগি করতে ভক্তদের ১০০টি ‘বিটস হেডফোন’ উপহার দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।
নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ নিয়ে কথা বলার সময় এই প্রতিশ্রুতির কথা জানান ইয়ামাল। ২০২৪ সালের ইউরো জয়ের স্মৃতি স্মরণ করে বড় টুর্নামেন্টের চাপ সামলানোর অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, 'টুর্নামেন্টের প্রথম ম্যাচে চাপ ও স্নায়ুচাপ অনুভব করা খুবই স্বাভাবিক। তবে আমি শিখেছি, শুরুটা যদি প্রত্যাশামতো নাও হয়, তবুও ধৈর্য ধরে এগিয়ে যেতে হয় এবং নিজের খেলায় মনোযোগ ধরে রাখতে হয়। কারণ, একটি বড় আসর মানেই দীর্ঘ সময়ের লড়াই।'
ভিডিওতে ফুটবল বিশ্বের মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ‘ব্যালন ডি’অর’ নিয়েও খোলামেলা কথা বলেন ইয়ামাল। তিনি স্বীকার করেন, একসময় তার মনে হয়েছিল পুরস্কারটি হয়তো তার হাতেই উঠতে যাচ্ছে। তবে পরে নিজের পরিপক্বতার অভাব বুঝতে পেরেছেন উল্লেখ করে তিনি বলেন, 'তখন আমি পুরস্কারটির গুরুত্ব পুরোপুরি অনুধাবন করার মতো যথেষ্ট পরিণত ছিলাম না।' ফরাসি তারকা উসমান দেম্বেলের ব্যালন ডি’অর জয়কে তাই ইতিবাচকভাবেই দেখছেন এই স্প্যানিশ উইঙ্গার।
সাবেক সতীর্থ দেম্বেলের সঙ্গে নিজের চমৎকার সম্পর্কের কথা উল্লেখ করে ইয়ামাল বলেন, 'ফরাসি এই তারকা আমাকে নিয়মিত পরামর্শ দিয়েছেন এবং কঠিন সময়গুলোতে মানসিক সমর্থন জুগিয়েছেন। আমার ব্যক্তিগত ও পেশাদার ফুটবলের উন্নতিতে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।'
বিশ্বকাপের মূল পর্বের লড়াইয়ে নামার আগে সোমবার (৮ জুন) নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে পেরুর মুখোমুখি হচ্ছে স্পেন। এরপর মূল আসরে গ্রুপ ‘এইচ’ থেকে উরুগুয়ে, সৌদি আরব ও কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামবে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা সূত্র: স্ট্রিভার ফুটবল