ব্রাজিল ভক্তদের জন্য স্বস্তির খবর

বিশ্বকাপের আগে চোটের কারণে নেইমারকে নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। মাংসপেশীর ইনজুরির কারণে তিনি পানামা ও মিসরের বিপক্ষে ব্রাজিলের প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি। তবে এবার স্বস্তির খবর দিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কর্তৃপক্ষ।

গত মাসে করা স্ক্যানে দেখা যায়, নেইমারের কাফ মাংসপেশিতে গ্রেড-টু মাত্রার ছিঁড়ে যাওয়ার সমস্যা রয়েছে। এ কারণে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাকে দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হয়।

সোমবার ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের নতুন করে স্ক্যান করা হয়। এরপর ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানায়, তার পুনর্বাসন প্রক্রিয়া প্রত্যাশা অনুযায়ী এগোচ্ছে। সংস্থাটির ভাষ্য, চিকিৎসা ও শারীরিক প্রস্তুতিতে নেইমার ভালো অগ্রগতি দেখিয়েছেন এবং জাতীয় দলের মেডিকেল স্টাফদের পরিকল্পনা অনুযায়ী তার পুনরুদ্ধার কার্যক্রম চলবে।

আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ব্রাজিল। সেই ম্যাচের আগেই পুরোপুরি ফিট হয়ে মাঠে ফেরার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন নেইমার।