প্রিমিয়ার লিগে চেলসির বিপক্ষে ম্যাচে চোয়ালের হাড় ভেঙে যাওয়ার পরও আসন্ন বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে খেলতে প্রস্তুত ডিফেন্ডার জেড স্পেন্স। তবে সুরক্ষার জন্য পুরো টুর্নামেন্টে তাকে বিশেষ ধরনের একটি মাস্ক পরে মাঠে নামতে হবে।
গত মাসে টটেনহ্যাম হটস্পার-এর এই ফুটবলার চেলসির স্ট্রাইকার লিয়াম ডেলাপ-এর সঙ্গে সংঘর্ষে গুরুতর চোট পান। পরে মৌসুমের শেষ ম্যাচে এভারটন-এর বিপক্ষেও তাকে মাস্ক পরে খেলতে দেখা যায়।
চোট নিয়ে স্পেন্স বলেন, মাস্ক পরে খেলাটা কিছুটা অস্বস্তিকর হলেও বাস্তবতা মেনে নিতে হচ্ছে। তার ভাষায়, “আমার চোয়াল ভেঙে গেছে। তাই পুরো টুর্নামেন্টে এই মাস্ক পরে খেলতে হবে। পুরোপুরি সুস্থ হতে প্রায় তিন মাস সময় লাগবে। এটি দীর্ঘ সময়ের ব্যাপার, তাই এর সঙ্গে মানিয়ে নিতে হবে।”
চেলসির বিপক্ষে ম্যাচের শেষ পর্যন্ত খেলা এই ডিফেন্ডার আরও বলেন, চোট পাওয়ার পরও মাঠের বাইরে চলে যাওয়ার আশঙ্কা তাকে খুব বেশি চিন্তিত করেনি। তিনি বলেন, “ব্যথা ছিল, কিন্তু সৌভাগ্যবশত আমি চোয়াল দিয়ে নয়, পা দিয়ে ফুটবল খেলি। তাই খেলতে আমার কোনো বড় সমস্যা হয়নি।”
আসন্ন বিশ্বকাপে ইংল্যান্ড ১৭ জুন ডালাসে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু করবে। এরপর তারা গ্রুপ পর্বে ঘানা ও পানামার মুখোমুখি হবে।