সময় বাঁচাতে ফিফার নতুন সব নিয়ম

২০২৬ ফিফা বিশ্বকাপ সামনে রেখে খেলায় একাধিক নতুন নিয়ম চালু করার ঘোষণা দিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আসন্ন টুর্নামেন্ট থেকেই এসব পরিবর্তন কার্যকর হবে বলে জানানো হয়েছে।

ফুটবলের নিয়ম নির্ধারণকারী সংস্থা আইএফএবি সম্প্রতি নতুন কিছু সংশোধনী অনুমোদন করেছে, যা আগামী মৌসুম থেকে কার্যকর হওয়ার পাশাপাশি বিশ্বকাপেও প্রয়োগ করা হবে। ফিফার প্রধান রেফারিং কর্মকর্তা পিয়েরলুইজি কোলিনা বলেন, এই পরিবর্তনের লক্ষ্য সময় নষ্ট কমানো, ম্যাচের গতি বাড়ানো এবং খেলোয়াড় ও দর্শকের আরও উন্নত ও চমকপ্রদ অভিজ্ঞতা উপহার দেওয়া।

নতুন নিয়ম অনুযায়ী, থ্রো-ইন ও গোল কিকের ক্ষেত্রে পাঁচ সেকেন্ডের মধ্যে খেলা শুরু করতে হবে। সময়ক্ষেপণ রোধে এটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

এছাড়া, মুখ ঢেকে বিতর্কে জড়ালে খেলোয়াড়দের রেড কার্ড দেখানো হতে পারে। প্রতিবাদ হিসেবে দল মাঠ ছেড়ে গেলে শাস্তির বিধানও রাখা হয়েছে।

ম্যাচ চলাকালে ইনজুরির চিকিৎসার জন্য বাধ্যতামূলকভাবে এক মিনিট মাঠের বাইরে থাকতে হবে। একইসঙ্গে তিন মিনিটের হাইড্রেশন ব্রেক থাকবে প্রতি অর্ধে, সাধারণত ২২ মিনিটের দিকে।

ভিএআর এখন থেকে সেট-পিসের আগে ভুল সিদ্ধান্ত, যেমন ভুল কর্নার বা দ্বিতীয় হলুদ কার্ডের ক্ষেত্রেও হস্তক্ষেপ করতে পারবে।

বিশ্বকাপে গরম ও খেলাধুলার গতি ও বাড়তি সময় নষ্ট, সবকিছু বিবেচনায় এসব নিয়মকে আধুনিক ফুটবলের বড় পরিবর্তন হিসেবে দেখছেন ফুটবল বোদ্ধারা।