ইনজুরির কারণে বিশ্বকাপের প্রথম ম্যাচে নেইমার জুনিয়র মাঠে নামবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। এর মধ্যেই মাঠের বাইরের এক অদ্ভুত কারণে আলোচনায় উঠে এসেছেন ব্রাজিলের এই তারকা।
ব্রাজিল জাতীয় দলের কিট প্রস্তুতকারী কোম্পানি নাইকি–এর একটি অফিশিয়াল জার্সিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। বিষয়টি জার্সির নকশা নয়, বরং নেইমারের নামের শেষে থাকা একটি ফুলস্টপ বা ডট চিহ্ন।
ব্রাজিলিয়ান সাংবাদিক জোয়াও ভিটোর দো সান্তোসের তথ্য অনুযায়ী, এক সমর্থক নাইকির ওয়েবসাইটে নেইমারের কাস্টমাইজড জার্সি অর্ডার করতে গিয়ে বিষয়টি প্রথম লক্ষ্য করেন। পরে সেটির ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা।
নাইকির কাস্টমাইজেশন অপশনে নেইমারের ১০ নম্বর জার্সির পেছনে লেখা রয়েছে ‘Neymar Jr.’। অর্থাৎ ‘জুনিয়র’-এর সংক্ষিপ্ত রূপের পর একটি ডট ব্যবহার করা হয়েছে।
আর এই ডট নিয়েই আপত্তি তুলেছেন অনেক সমর্থক। তাদের দাবি, নেইমার তার পুরো পেশাদার ক্যারিয়ারে কখনও জার্সিতে ‘Jr.’–এর পর ডট ব্যবহার করেননি। জাতীয় দল, ক্লাব কিংবা প্রচারণামূলক উপকরণ, সব জায়গাতেই ‘Neymar Jr’ লেখা হয়েছে ডট ছাড়া।
তবে অন্য একটি পক্ষ বলছে, এখানে নাইকির কোনো ভুল নেই। ইংরেজি ব্যাকরণ অনুযায়ী ‘Junior’-এর সংক্ষিপ্ত রূপ হিসেবে ‘Jr.’ লেখা হলে ডট ব্যবহার করাই শুদ্ধ নিয়ম।