২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। তবে এবার আলোচনার কারণ তার গান নয়, বরং তিনি সত্যিই মঞ্চে ছিলেন কি না, সেই প্রশ্ন।
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে নাইজেরিয়ান শিল্পী বার্না বয়–এর সঙ্গে পারফর্ম করেন শাকিরা। টুর্নামেন্টের অন্যতম আকর্ষণীয় মুহূর্ত হিসেবে বিবেচিত এই পরিবেশনার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা জল্পনা-কল্পনা।
অনেক দর্শক দাবি করেন, মঞ্চে দেখা যাওয়া শিল্পীকে তাদের কাছে কিছুটা অস্বাভাবিক মনে হয়েছে। কারও মতে, তার শারীরিক গঠন ও নাচের ভঙ্গিতে ছিল ভিন্নতা। আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন তার মুখাবয়ব নিয়েও।
বিতর্কের অন্যতম কারণ ছিল, পুরো পরিবেশনার বেশিরভাগ সময় শাকিরাকে কালো চশমা পরে থাকতে দেখা যায়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য ছড়িয়ে পড়ে। একপর্যায়ে কেউ কেউ দাবি করতে শুরু করেন, মঞ্চে থাকা ব্যক্তি আসলে শাকিরা নন, বরং তার কোনো ‘ডাবল’ বা অনুকরণকারী।
বিশেষ করে অনুষ্ঠান শেষে দ্রুত মঞ্চ ছাড়ার সময়ও তিনি নাচ থামাননি, এ দৃশ্য নিয়েও শুরু হয় নানা রকম ব্যাখ্যা-বিশ্লেষণ। পরে এসব মন্তব্য মিম ও কৌতুকের খোরাক হয়ে ছড়িয়ে পড়ে অনলাইনে।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি শাকিরা কিংবা আয়োজকরা।
এদিকে গুঞ্জনের পেছনে আরেকটি কারণ হিসেবে উঠে এসেছে ‘শাকিবেক্কা’ নামের এক ভেনেজুয়েলান অনুকরণকারী শিল্পীর নাম। সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় এই নারীকে দেখতে অনেকটাই শাকিরার মতো। চেহারার বিস্ময়কর মিলের কারণে অতীতেও বহুবার তাকে আসল শাকিরা ভেবে বিভ্রান্ত হয়েছেন ভক্তরা।