বিশ্বকাপ মাতালেন বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয় দেব

ফুটবল বিশ্বকাপে এবার মাঠে নেই বাংলাদেশ। তবে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে ও সংগীত পরিচালক সঞ্জয় দেব। কানাডার টরন্টোতে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে আন্তর্জাতিক তারকাদের সঙ্গে পারফর্ম করে আলোচনায় এসেছেন তিনি।

শুক্রবার (১২ জুন) টরন্টোর উদ্বোধনী আয়োজনে বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি এবং ফরাসি হিপহপ তারকা ভেজেড্রিমের সঙ্গে ‘সির সির’ পরিবেশন করে দর্শকদের মাতিয়ে তোলেন সঞ্জয়। বিশ্বকাপের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে তার উপস্থিতি বাংলাদেশি সংগীতপ্রেমীদের মধ্যেও গর্বের উপলক্ষ হয়ে উঠেছে।

নোরা ফাতেহি`র সঙ্গে পারফর্ম করছেন সঞ্জয়

শ্রীমঙ্গল থেকে বিশ্বমঞ্চ, সঞ্জয় দেবের যাত্রা

১৯৯১ সালের ১৮ ডিসেম্বর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জন্মগ্রহণ করেন সঞ্জয় দেব। তবে তার বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান হোসেতে। সেখানকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা শেষে ব্যবসায় বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি।

পারিবারিক সূত্রে জানা যায়, সঞ্জয়ের শিকড় সুনামগঞ্জে। তিনি প্রয়াত চিকিৎসক ডা. ধীরেন্দ্র দেব চৌধুরীর দৌহিত্র। তার মা মিতা দেব ছিলেন সংগীতপ্রেমী ও সুকণ্ঠী। পরিবারের অন্যান্য সদস্যরাও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। সেই পরিবেশেই সংগীতের প্রতি তার আগ্রহ গড়ে ওঠে।

প্রায় দেড় দশক আগে পরিবারসহ যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস শুরু করেন সঞ্জয়। পরবর্তীতে নির্বাহী প্রযোজক কুণাল আগরওয়ালের সঙ্গে কাজ করে পেশাদার সংগীতজগতে নিজের অবস্থান তৈরি করেন। বর্তমানে লস অ্যাঞ্জেলেসভিত্তিক এই ইলেকট্রনিক সংগীত প্রযোজকের একাধিক কাজ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হচ্ছে।

বিদেশি শিল্পীদের পাশাপাশি বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ, তাহসান খান ও জেফার রহমানের সঙ্গেও কাজ করেছেন সঞ্জয়। আর এবার বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে পারফর্ম করে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের উপস্থিতিকেও নতুনভাবে তুলে ধরলেন তিনি।