ইংল্যান্ডের অনুশীলন সরঞ্জাম চুরি

বিশ্বকাপের মিশন শুরু হওয়ার আগেই অপ্রত্যাশিত এক ঘটনায় ধাক্কা খেয়েছে ইংল্যান্ড। যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে দলের অনুশীলন সরঞ্জাম চুরির অভিযোগ উঠেছে, যা নিয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।

ব্রিটিশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ফ্লোরিডায় থাকা ইংল্যান্ড দলের প্রাক-টুর্নামেন্ট ঘাঁটি থেকে কানসাস সিটির সোয়োপ সকার ভিলেজে সরঞ্জাম পাঠানোর সময় এ ঘটনা ঘটে। খেলোয়াড়দের ব্যবহারের জন্য পাঠানো ফুটবল, বুটসহ বেশ কিছু সামগ্রী নিখোঁজ হয়েছে বলে জানা গেছে।

কানসাস সিটি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, একটি দলের গাড়ি থেকে সরঞ্জাম চুরির সম্ভাব্য অভিযোগ তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে।

শনিবার (১৩ জুন) কানসাস সিটিতে পৌঁছানোর কথা রয়েছে ইংল্যান্ড দলের। গরম ও আর্দ্র আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে তারা গত কয়েকদিন ফ্লোরিডায় অবস্থান করেছে। সেখানে নিউজিল্যান্ড ও কোস্টারিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচও খেলেছে দলটি।

স্থানীয় সময় বুধবার (১৭ জুন) ডালাসে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইংল্যান্ড। তার আগে অনুশীলন সরঞ্জাম চুরির ঘটনা দলটির প্রস্তুতিতে কিছুটা প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, বিশ্বকাপ চলাকালে কানসাস সিটি ও আশপাশের এলাকাকে ঘাঁটি হিসেবে বেছে নিয়েছে আলজেরিয়া, আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসও। সূত্র: আলজাজিরা