বিশ্বকাপের মাঠের লড়াই শুরুর আগেই বোস্টনে নিজেদের উপস্থিতি জানান দিল স্কটল্যান্ডের বিখ্যাত সমর্থকগোষ্ঠী ‘টার্টান আর্মি’। দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপের মূলপর্বে খেলছে স্কটল্যান্ড। আর তাই তো নিউইয়র্কের বোস্টন শহরের বিভিন্ন প্রান্তে হাজারো স্কটিশ সমর্থকের পদচারণায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
স্কটল্যান্ড দলের খেলোয়াড়দের জন্য গ্যালারিতে বাড়তি শক্তি জোগাতে প্রস্তুত সমর্থকেরা। শুধু স্টেডিয়াম নয়, শহরের রাস্তাঘাট, রেস্তোরাঁ ও পর্যটন এলাকাগুলোতেও দেখা গেছে নীল-সাদা পতাকার ছড়াছড়ি। স্থানীয়রাও উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন স্কটিশ সমর্থকদের।
বিশেষ আলোচনায় উঠে এসেছেন স্কটল্যান্ডের সমর্থক ক্রেইগ ফার্গুসন। মানসিক স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে তহবিল সংগ্রহ করতে তিনি যুক্তরাষ্ট্রজুড়ে হেঁটে বোস্টনে পৌঁছেছেন। তার যাত্রা শেষ হওয়ার মুহূর্ত দেখতে বিপুলসংখ্যক স্কটিশ সমর্থক জড়ো হন শহরে।
স্কটিশ প্রিমিয়ার ফুটবল লিগের রেফারি এবং টার্টান আর্মির সদস্য এলিয়ট হাসব্যান্ড বলেন, বিশ্বকাপের অপেক্ষা এখন রোমাঞ্চে পরিণত হয়েছে। তার ভাষায়, ‘আমরা সবাই টুর্নামেন্ট শুরুর জন্য মুখিয়ে আছি। অবিশ্বাস্য ব্যাপার হলো, পৃথিবীর যেখানেই যাই না কেন, স্কটিশ সমর্থকদের দেখা মেলে।’
বিশ্বকাপের মঞ্চে স্কটল্যান্ডের যাত্রা শুরুর আগে সমর্থকদের এমন উন্মাদনা দলটির জন্য বাড়তি অনুপ্রেরণা হিসেবে দেখছেন অনেকে। বোস্টনে তৈরি হওয়া এই আবহ ইতোমধ্যেই বিশ্বকাপের অন্যতম রঙিন সমর্থক উপস্থিতি হিসেবে আলোচনায় এসেছে। সূত্র: বিবিসি