বিশ্বকাপের মঞ্চে নেইমার জুনিয়রের ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হলো। মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামতে না পারা ব্রাজিলিয়ান তারকা এবার হাইতির বিপক্ষেও খেলতে পারছেন না। ইনজুরি থেকে পুনরুদ্ধারের শেষ ধাপে থাকায় তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না ব্রাজিল দল।
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন জানিয়েছে, দলের সঙ্গে ফিলাডেলফিয়ায় যাচ্ছেন না নেইমার। বরং তিনি নিউ জার্সিতেই থেকে চিকিৎসক ও ফিটনেস বিশেষজ্ঞদের নিবিড় তত্ত্বাবধানে পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাবেন। সেখানে আধুনিক সুযোগ-সুবিধার মধ্যেই তার শারীরিক অবস্থার অগ্রগতি পর্যবেক্ষণ করা হবে।
বুধবার (১৯ জুন) প্রথমবারের মতো জাতীয় দলের অনুশীলনে অংশ নিলেও এখনো তাকে পূর্ণমাত্রার অনুশীলনের অনুমতি দেওয়া হয়নি। চিকিৎসকরা তার অবস্থা যাচাই করতে একাধিক পরীক্ষা-নিরীক্ষা ও স্ক্যান করিয়েছেন। বিশেষ করে শারীরিক সংস্পর্শ বা ট্যাকলের ঝুঁকি রয়েছে এমন অনুশীলন থেকে আপাতত দূরে রাখা হয়েছে তাকে।
গত ১৭ মে ক্লাব ফুটবলে সান্তোসের হয়ে খেলতে গিয়ে ডান পায়ের কাফে চোট পান নেইমার। সেই চোট নিয়েই কোচ কার্লো আনচেলত্তি'র বিশ্বকাপ দলে জায়গা পেলেও এখনো পুরোপুরি ম্যাচ ফিটনেস ফিরে পাননি তিনি। ফলে হাইতির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচেও তাকে পাচ্ছে না সেলেসাওরা।
শুক্রবার (১৯ জুন) গ্রুপ ‘সি’-এর ম্যাচে হাইতির মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্র করায় এই লড়াইয়ে জয়ের চাপ থাকছে তাদের ওপর। তবে ব্রাজিল শিবিরের আশা, নকআউট পর্ব শুরুর আগেই নেইমার পূর্ণ ফিটনেস ফিরে পেয়ে দলের সঙ্গে যোগ দিতে পারবেন।