দুই ম্যাচ শেষে চার পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে রয়েছে ব্রাজিল। স্কটল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে অন্তত একটি পয়েন্ট পেলেই নকআউট পর্বের পথ অনেকটাই নিশ্চিত হয়ে যাবে সেলেসাওদের। তবে ম্যাচটির আগে কোচ কার্লো আনচেলত্তির চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তিন গুরুত্বপূর্ণ ফুটবলারের হলুদ কার্ড পরিস্থিতি।
মরক্কো ও হাইতির বিপক্ষে ম্যাচে একটি করে হলুদ কার্ড দেখেছেন রজার আইবানেজ, কাসেমিরো এবং ডগলাস সান্তোস। ফলে স্কটল্যান্ডের বিপক্ষে আরেকটি হলুদ কার্ড দেখলেই নকআউট পর্বের প্রথম ম্যাচে নিষিদ্ধ হয়ে যাবেন তারা।
বিশ্বকাপের সম্প্রসারিত ফরম্যাটের কারণে এবার শাস্তি ও হলুদ কার্ডের নিয়মেও পরিবর্তন এনেছে ফিফা। নতুন নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্ব শেষ হওয়ার পর খেলোয়াড়দের জমে থাকা হলুদ কার্ডের হিসাব মুছে যাবে। একইভাবে কোয়ার্টার ফাইনাল শুরুর আগেও কার্ডের রেকর্ড নতুন করে গণনা করা হবে।
তবে তার আগে যদি কোনো খেলোয়াড় নির্ধারিত সীমা অতিক্রম করেন, তাহলে তাকে এক ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করতে হবে। সে কারণেই স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ইবানেজ, কাসেমিরো ও ডগলাস সান্তোসের জন্য বাড়তি সতর্কতার।
ব্রাজিলের জন্য বিষয়টি শুধু একটি ম্যাচের হিসাব নয়, বরং নকআউট পর্বের পরিকল্পনার সঙ্গেও জড়িত। বিশেষ করে মাঝমাঠে কাসেমিরোর অভিজ্ঞতা এবং রক্ষণে ইবানেজ ও ডগলাস সান্তোসের উপস্থিতি দলকে বাড়তি ভারসাম্য দেয়।
আগামী ২৪ জুন মিয়ামিতে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। ড্র করলেও শীর্ষ দুইয়ে থাকা অনেকটাই নিশ্চিত হবে, আর জয় পেলে গ্রুপসেরা হওয়ার সম্ভাবনাও উজ্জ্বল হয়ে উঠবে।
এখন দেখার বিষয়, আনচেলত্তি ঝুঁকি নিয়েই তিন ফুটবলারকে মাঠে নামান, নাকি সম্ভাব্য নিষেধাজ্ঞা এড়াতে তাদের বিশ্রাম দিয়ে নকআউট পর্বের কথা মাথায় রাখেন। বিশ্বকাপের গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছানোর আগে সেটিই হয়ে উঠেছে ব্রাজিল শিবিরের সবচেয়ে বড় কৌশলগত প্রশ্ন।