স্কটল্যান্ডের বিপক্ষে খেলবেন নেইমার

বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ মিস করা নেইমারকে নিয়ে অবশেষে সুখবর পেল ব্রাজিল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে তার মাঠে ফেরার সম্ভাবনার কথা জানিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি।

কাফ মাসলের গ্রেড-২ ইনজুরির কারণে মরক্কো ও হাইতির বিপক্ষে খেলতে পারেননি সান্তোস তারকা। তবে পুনর্বাসন প্রক্রিয়ায় ইতিবাচক অগ্রগতি হওয়ায় আগামী সপ্তাহের শুরুতেই তিনি দলের পূর্ণাঙ্গ অনুশীলনে যোগ দিতে পারেন বলে আশা করছে টিম ম্যানেজমেন্ট।

হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়ের পর আনচেলত্তি জানান, নেইমার বর্তমানে ব্যক্তিগতভাবে অনুশীলন করছেন। শনিবার (২০ জুন) আলাদা সেশন করার পর সোমবার থেকে সতীর্থদের সঙ্গে অনুশীলনে নামার কথা তার।

'সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে স্কটল্যান্ডের বিপক্ষে সে খেলার জন্য প্রস্তুত থাকবে,' বলেন ব্রাজিল কোচ।

মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে স্কোয়াডে থাকলেও মাঠে নামেননি নেইমার। পরে জানা যায়, ইনজুরির পুনর্বাসনের অংশ হিসেবে তিনি নিউ জার্সিতেই থেকে চিকিৎসা ও ফিটনেস পুনরুদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছেন।

নেইমারের ফেরার সম্ভাবনা ব্রাজিলের জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আক্রমণভাগে নতুন শঙ্কা দেখা দেওয়ায়। হাইতির বিপক্ষে ম্যাচে প্রথমার্ধেই হ্যামস্ট্রিংয়ে চোট পান রাফিনহা। তার চোটের মাত্রা এখনো নিশ্চিত নয়। অতিরিক্ত পরীক্ষার পরই এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

বিশ্বকাপ অভিযান শুরু হয়েছিল মরক্কোর বিপক্ষে হতাশাজনক ড্র দিয়ে। তবে হাইতির বিপক্ষে দাপুটে জয়ের পর গ্রুপ ‘সি’-তে নিজেদের অবস্থান শক্ত করেছে সেলেসাওরা। এখন স্কটল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচের আগে নেইমারের সম্ভাব্য প্রত্যাবর্তন দলকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে।

শিরোপার স্বপ্ন নিয়ে উত্তর আমেরিকায় আসা ব্রাজিলের জন্য নেইমারের ফেরা হতে পারে নকআউট পর্বের আগে সবচেয়ে বড় ইতিবাচক সংবাদ। সূত্র: গোল ডট কম