ফুটবল বিশ্বের অন্যতম পরাশক্তি আর্জেন্টিনা। বিশ্বমঞ্চে যেকোনো দলের বিপক্ষেই তাদের পরিসংখ্যান থাকে বেশ ভারী। তবে আন্তর্জাতিক ফুটবলের মানচিত্রে এমন কিছু দল রয়েছে, যাদের সাথে আলবিসেলেস্তেদের মাঠের লড়াইয়ের ইতিহাস বড্ড সংক্ষিপ্ত। তেমনই এক দল ইউরোপের অস্ট্রিয়া। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় পর আবারও অস্ট্রিয়ার মুখোমুখি হতে যাচ্ছে ল্যাটিন আমেরিকার এই ফুটবল পরাশক্তি।
সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় ডালাস স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও অস্ট্রিয়া। ম্যাচ জয়ের পরিসংখ্যানে কারা এগিয়ে তা জেনে নেওয়া যাক এই প্রতিবেদেনে।
দুই দলের ফুটবলীয় লড়াইয়ের ইতিহাস ঘাটলে সবচেয়ে বড় যে অধ্যায়টি সামনে আসে, তা ১৯৮০ সালের একটি প্রীতি ম্যাচ। অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত সেই ম্যাচে গ্যালারিতে উপস্থিত ৬৭ হাজারেরও বেশি দর্শক ফুটবল ইতিহাসের এক বিরল ঘটনার সাক্ষী হয়েছিলেন। সেদিন অস্ট্রিয়াকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছিল আর্জেন্টিনা, আর ম্যাচের মূল নায়ক ছিলেন তরুণ ডিয়েগো ম্যারাডোনা। নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের পঞ্চম ম্যাচে খেলতে নেমে সেদিন হ্যাটট্রিক করেছিলেন এই আর্জেন্টাইন গ্রেট।
ফিফা স্বীকৃত অফিসিয়াল প্রীতি ম্যাচের হিসাব অনুযায়ী, দুই দল এ পর্যন্ত ২ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ১টি ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা এবং বাকি ১টি ম্যাচ ড্র হয়েছে। অর্থাৎ, জয়ের দিক থেকে অস্ট্রিয়ার চেয়ে এগিয়ে আছে আলবিসেলেস্তেরা। এই দুই ম্যাচে আর্জেন্টিনা প্রতিপক্ষের জালে গোল উৎসব করেছে মোট ৬ বার, বিপরীতে অস্ট্রিয়ার কাছ থেকে গোল হজম করেছে ২টি। তবে অফিসিয়াল ম্যাচের বাইরে ১৯৬৬ সালের ২৫ জুন দুই দলের মধ্যে একটি অনানুষ্ঠানিক (আনঅফিসিয়াল) ম্যাচ হয়েছিল, যেখানে অস্ট্রিয়া ১-০ ব্যবধানে জিতেছিল।
এরপর ১৯৯০ সালের ৩ মে শেষবারের মতো মুখোমুখি হয়েছিল এই দুই দল। তৎকালীন বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে ম্যারাডোনার দল ভিয়েনায় খেলতে নেমে ১-১ গোলে ড্র করে। ম্যাচের মাত্র ৩ মিনিটেই মানফ্রেড জাকের গোলে পিছিয়ে পড়েছিল আর্জেন্টিনা। তবে ম্যাচের আধঘণ্টা পার হতেই আর্জেন্টিনার তারকা হোর্হে বুরুচাগা গোল করে সমতা ফেরান। সেই ম্যাচের পর কেটে গেছে দীর্ঘ ৩৬টি বছর, আর কখনো মাঠের লড়াইয়ে দেখা হয়নি এই দুই দলের। সেক্ষেত্রে মাঠের পরিসংখ্যানে এগিয়ে ম্যারাডোনার উত্তরসূরীরা।
দীর্ঘ ৩৬ বছর পর অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামার আগে ফুটবলপ্রেমীদের প্রশ্ন- পুরোনো ইতিহাসের আধিপত্য ধরে রেখে অপরাজিত আর্জেন্টিনা কি জয়ে ফিরতে পারবে, নাকি অস্ট্রিয়া দেখাবে নতুন কোনো চমক?