শিরোপা ধরে রাখার মিশন শুরু হয়েছে দারুণভাবে। প্রথম ম্যাচেই লিওনেল মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেই আত্মবিশ্বাস নিয়েই সোমবার (২২ জুন) নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা।
ডালাসে অনুষ্ঠিতব্য ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়। নকআউট পর্বের পথে আরেক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ থাকলেও প্রথম ম্যাচের সফল একাদশে বড় কোনো পরিবর্তন আনতে চাইছেন না কোচ লিওনেল স্কালোনি।
তবে একটি পরিবর্তন প্রায় নিশ্চিত। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় রাইটব্যাক গঞ্জালো মন্টিয়েলকে বিশ্রাম দেওয়া হচ্ছে। তাঁর জায়গায় শুরুর একাদশে দেখা যেতে পারে নাহুয়েল মোলিনাকে।
এ ছাড়া প্রথম ম্যাচে জয় পাওয়া দলের বাকি অংশ প্রায় অপরিবর্তিতই থাকার সম্ভাবনা রয়েছে। গোড়ালির চোট কাটিয়ে আলজেরিয়ার বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন হুলিয়ান আলভারেজ। তাঁকে একাদশে ফেরানোর আলোচনা থাকলেও ম্যাচ ফিটনেসের দিক থেকে এখনো পুরোপুরি প্রস্তুত নন বলে মনে করছেন স্কালোনি।
ফলে আক্রমণভাগে আবারও ভরসা রাখা হতে পারে লাউতারো মার্টিনেজর ওপর। মাঝমাঠে থাকবেন রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ ও আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। আর আক্রমণের নেতৃত্বে থাকবেন মেসি।
সম্ভাব্য একাদশে রয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ, মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, ফাকুন্দো মেদিনা, ডি পল, এনজো, ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা অথবা নিকোলাস গঞ্জালেস, মেসি এবং লাউতারো।
প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের পর আর্জেন্টিনার লক্ষ্য এখন ধারাবাহিকতা বজায় রাখা। আর সমর্থকদের চোখ থাকবে মেসির দিকে, বিশ্বকাপের রেকর্ডবইয়ে নতুন কিছু যোগ করার জন্য আরেকটি রাত কি অপেক্ষা করছে তাঁর সামনে?