ফিফা বিশ্বকাপ ২০২৬-এ চালু হওয়া হাইড্রেশন ব্রেক নিয়ে অভিযোগ বেশকিছু সাবেক ও বর্তমান ফুটবলাররা। তাদের ফুটবলারদের ক্লান্তি নয়, বিজ্ঞাপনের জন্যই এই নিয়ম চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে এই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
তিনি বলেন, হাইড্রেশন ব্রেক থেকে ফিফার কোনো অতিরিক্ত রাজস্ব আসছে না। কারণ টুর্নামেন্ট সংশ্লিষ্ট সব বাণিজ্যিক চুক্তি আগেই সম্পন্ন হয়েছে। ফলে এই বিরতি যুক্ত হওয়ার কারণে নতুন করে কোনো আর্থিক সুবিধা তৈরি হয়নি।
ফিফা সভাপতির মতে, খেলোয়াড়দের শারীরিক সুরক্ষা নিশ্চিত করাই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য। দীর্ঘ সময় ধরে উচ্চ তাপমাত্রায় খেলার ফলে খেলোয়াড়দের স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে। সেই ঝুঁকি কমাতেই হাইড্রেশন ব্রেক বাধ্যতামূলক করা হয়েছে।
তিনি আরও বলেন, বিশ্বকাপের মতো বড় আসরে সব দলকে সমান পরিবেশে খেলার সুযোগ দেওয়া জরুরি। কোনো ম্যাচে অতিরিক্ত গরমের কারণে একটি দল বিশেষ সুবিধা বা অসুবিধার মুখে পড়লে তা প্রতিযোগিতার ন্যায্যতা ক্ষুণ্ন করতে পারে। এ কারণেই সব ম্যাচেই একই নিয়ম প্রয়োগ করা হচ্ছে।
তবে সিদ্ধান্তটি নিয়ে ফুটবল অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কোচ, খেলোয়াড় ও সমর্থকদের একাংশ এর সমালোচনা করলেও অনেকেই খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে উদ্যোগটিকে সময়োপযোগী ও ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন।