কেপ ভার্দে জাতীয় ফুটবল দলের অধিনায়ক রায়ান মেন্দেসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন এক ব্রাজিলিয়ান নারী। নিউজিল্যান্ডে দায়ের করা ওই অভিযোগের পর ভুক্তভোগীর দাবি, ঘটনার পর একাধিকবার কেপ ভার্দে ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের কাছে সহায়তা চাইলেও তিনি কোনো কার্যকর সহযোগিতা বা আনুষ্ঠানিক সাড়া পাননি। বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে গ্লোবো এস্পোর্তে।
অভিযোগকারী নারীর ভাষ্য অনুযায়ী, পুলিশে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করার আগেই তিনি কেপ ভার্দে ফুটবল ফেডারেশনের অপারেশনস বিভাগের কর্মকর্তা সল কাবরালকে পুরো ঘটনা বিস্তারিতভাবে জানান। পরে অভিযোগ দায়েরের পর তৎকালীন ডেভেলপমেন্ট পরিচালক গেরসন মেলো এবং অপারেশনস বিভাগের কর্মকর্তা ইগো গোমেজের সঙ্গেও যোগাযোগ করেন। তাদের সঙ্গে হওয়া কথোপকথনের স্ক্রিনশটসহ বিভিন্ন নথি আইনজীবীদের মাধ্যমে কেপ ভার্দে ফুটবল ফেডারেশন ও ফিফার কাছেও পাঠানো হয়।
অভিযোগ অনুযায়ী, গত ২৭ মার্চ নিউজিল্যান্ডের অকল্যান্ডে কেপ ভার্দে দলের অবস্থান করা হোটেলেই ঘটনাটি ঘটে। সে সময় ফিফা সিরিজ উপলক্ষে নিউজিল্যান্ড ফুটবল ফেডারেশনের নিয়োগে দোভাষী ও অপারেশনাল সহায়তাকারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন ওই ব্রাজিলিয়ান নারী।
গত ১০ এপ্রিল নিউজিল্যান্ড পুলিশ আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করে। তদন্তের অংশ হিসেবে হোটেলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগীর শারীরিক পরীক্ষার ফরেনসিক প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে তদন্তকারীরা। তদন্ত শেষে পর্যাপ্ত প্রমাণ পাওয়া গেলে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
ঘটনার পর ভুক্তভোগী যৌন সহিংসতার শিকারদের সহায়তাকারী একটি ক্লিনিকে চিকিৎসা নেন এবং ফরেনসিক পরীক্ষাও করান। চিকিৎসা প্রতিবেদনে তার ঘাড়, ঠোঁট, স্তন, নিতম্ব ও মাথার বিভিন্ন স্থানে আঘাতের পাশাপাশি যৌনাঙ্গে দুটি বেদনাদায়ক ক্ষতের উল্লেখ রয়েছে। এসব চিকিৎসা নথি ইতোমধ্যে নিউজিল্যান্ড পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে। এছাড়া হোটেলে অবস্থানকালে শরীরের দৃশ্যমান আঘাতের ছবিও তিনি সংরক্ষণ করেন, যা তদন্তের অংশ হিসেবে বিবেচনায় নেওয়া হচ্ছে।
পরবর্তীতে গত ১০ মে অভিযোগকারী ও তার স্বামী কেপ ভার্দে ফুটবল ফেডারেশন এবং ফিফার কাছে আইনি নোটিশ পাঠান। সেখানে অভিযোগের বিস্তারিত বিবরণ, বিভিন্ন প্রমাণ এবং বিশ্বকাপ দল থেকে রায়ান মেন্দেসকে বাদ দেওয়ার আবেদন জানানো হয়। এরপর ২০ মে ফিফার সেফগার্ডিং অভিযোগ ফরমও পূরণ করা হয়। তবে অভিযোগকারীর দাবি, এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক জবাব তারা পাননি।
ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, তারা নিউজিল্যান্ড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে এবং যেকোনো ধরনের অসদাচরণের অভিযোগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। তবে স্বাধীন বিচারিক প্রক্রিয়া চলমান থাকায় অভিযোগ বা তদন্তের বিষয়ে তারা কোনো মন্তব্য করবে না।
নিউজিল্যান্ড ফুটবল ফেডারেশন জানিয়েছে, বিষয়টি বর্তমানে পুলিশের তদন্তাধীন। অন্যদিকে কেপ ভার্দে ফুটবল ফেডারেশনও চলমান অভিযোগ নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। এদিকে রায়ান মেন্দেস বা তার প্রতিনিধির পক্ষ থেকেও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
নিউজিল্যান্ডের আইন অনুযায়ী, যৌন সহিংসতার অভিযোগে দোষী সাব্যস্ত হলে অপরাধের ধরন ও মাত্রা অনুযায়ী সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। তদন্ত শেষে পর্যাপ্ত প্রমাণ পাওয়া গেলে আদালতে অভিযোগ দাখিল করা হবে। এরপর প্রাথমিক শুনানি, বিচার ও রায়ের মধ্য দিয়ে মামলার কার্যক্রম এগিয়ে যাবে। প্রয়োজনে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে অভিযুক্তকে গ্রেপ্তার বা প্রত্যর্পণের উদ্যোগও নেওয়া যেতে পারে। তবে বর্তমানে নিউজিল্যান্ড ও কেপ ভার্দের মধ্যে কোনো প্রত্যর্পণ চুক্তি নেই।
৩৬ বছর বয়সী রায়ান মেন্দেস বর্তমানে তুরস্কের দ্বিতীয় বিভাগের ক্লাব ইগদিরের হয়ে খেলছেন। এর আগে তিনি ফ্রান্সের লিল ও লে আভর, ইংল্যান্ডের নটিংহ্যাম ফরেস্ট এবং সংযুক্ত আরব আমিরাতের আল-নাসরসহ একাধিক ক্লাবে খেলেছেন। কেপ ভার্দের হয়ে তিনি চারটি আফ্রিকা কাপ অব নেশনস এবং ২০২৬ বিশ্বকাপে প্রতিনিধিত্ব করছেন।