পরিসংখ্যানে এগিয়ে ব্রাজিল, তবে শেষ দেখায় জাপানের দাপট

ব্রাজিল ও জাপানের মুখোমুখি লড়াইয়ের ইতিহাসে স্পষ্ট আধিপত্য সেলেসাওদের। এখন পর্যন্ত দুই দল ১৪ বার একে অপরের বিপক্ষে খেলেছে। এর মধ্যে ব্রাজিল জিতেছে ১১টি ম্যাচ, দুটি শেষ হয়েছে ড্র এবং জাপানের একমাত্র জয় এসেছে সর্বশেষ দেখায়।

এই পরিসংখ্যান কার্লো আনচেলত্তির দলের জন্য স্বস্তিদায়ক হলেও, জাপানের বিপক্ষে সেই একমাত্র হার এখনো ব্রাজিল সমর্থকদের মনে অস্বস্তির কারণ। ২০২৫ সালের অক্টোবরে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে ব্লু সামুরাইদের কাছে ৩-২ গোলে হেরে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

সেই ম্যাচে জাপান শুধু নিজেদের প্রথম জয়ই তুলে নেয়নি, ব্রাজিলের বিপক্ষে এক ম্যাচে সর্বোচ্চ তিন গোল করার কীর্তিও গড়েছিল। তাই ইতিহাস ব্রাজিলের পক্ষে থাকলেও, জাপানকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।