বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর লড়াই শেষ হওয়ার পর শুরু হচ্ছে শেষ ষোলো'র অভিযান। সেই পর্বের অন্যতম আকর্ষণীয় ম্যাচে বাংলাদেশ সময় রোববার (৫ জুলাই) দিবাগত রাত ২টায় নিউ জার্সি স্টেডিয়ামে মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও ইউরোপের শক্তিশালী দল নরওয়ে। ম্যাচ শুরুর আগেই অবশ্য আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন দায়িত্বপ্রাপ্ত রেফারি ইসমাইল এলফাত।
এই গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার দায়িত্ব দিয়েছে ফিফা যুক্তরাষ্ট্রের অভিজ্ঞ রেফারি ইসমাইল এলফাতকে। তবে ব্রাজিল সমর্থকদের কাছে তার নামটি সুখস্মৃতির নয়। ২০২২ কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে ক্যামেরুনের বিপক্ষে ম্যাচে বাঁশি হাতে ব্রাজিলকে দৌঁড়ের ওপর রেখেছিলেন এলফাত। সেই ম্যাচে ১-০ গোলে হেরে মাঠ ছাড়তে হয়েছিল সেলেসাওদের।
ব্রাজিল-নরওয়ে ম্যাচে এলফাতকে সহায়তা করবেন তারই দুই স্বদেশি কোরি পার্কার ও কাইল অ্যাটকিন্স। ফলে মাঠের প্রধান তিন ম্যাচ কর্মকর্তাই থাকছেন যুক্তরাষ্ট্রের।
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত দুটি হাইপ্রোফাইল ম্যাচ পরিচালনা করেছেন এলফাত। নেদারল্যান্ডস-জাপান এবং উরুগুয়ে-স্পেন ম্যাচে তার রেফারিং ছিল বেশ কঠোর। এবারের আসরে এখন পর্যন্ত তিনি দেখিয়েছেন মোট আটটি কার্ড, যার মধ্যে রয়েছে একটি লাল এবং সাতটি হলুদ কার্ড। ফলে ব্রাজিল-নরওয়ে ম্যাচেও তার কঠোরতা দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এই ম্যাচের বিজয়ী দল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে মেক্সিকো অথবা ইংল্যান্ডের। সেই ম্যাচটি আগামী ১১ জুলাই মায়ামিতে অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের মতো বড় মঞ্চে ইসমাইল এলফাত অতীতের স্মৃতি পেছনে ফেলে কেমন নিরপেক্ষ ও বিতর্কহীন দায়িত্ব পালন করেন, সেদিকেই এখন নজর থাকবে ফুটবলপ্রেমীদের।