বিশ্বকাপের নকআউট পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে বড় ধাক্কা খেল বর্তমান রানার্সআপ ফ্রান্স। শেষ ষোলোর ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন ফরাসি মাঝমাঠের অন্যতম ভরসা এবং সহ-অধিনায়ক অরেলিয়াঁ চুয়ামেনি।
ফরাসি সংবাদমাধ্যম ‘আরএমসি স্পোর্টস’ প্রথম খবরটি প্রকাশ করে। পরে একই তথ্য নিশ্চিত করে দেশের প্রভাবশালী ক্রীড়া দৈনিক ‘লেকিপ’। দুই গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ম্যাচের আগের শেষ অনুশীলনে উরুতে চোট পান রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার। সেই চোটের কারণেই প্যারাগুয়ের বিপক্ষে শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামা হচ্ছে না তার।
চলতি বিশ্বকাপে ফ্রান্সের মাঝমাঠে সবচেয়ে ধারাবাহিক পারফরম্যান্স করা খেলোয়াড়দের একজন ছিলেন ২৬ বছর বয়সী চুয়ামেনি। এখন পর্যন্ত দলের চার ম্যাচের মধ্যে তিনটিতেই পুরো ৯০ মিনিট খেলেছেন তিনি। সেনেগাল, নরওয়ে এবং সুইডেনের বিপক্ষে জয় পাওয়া ম্যাচগুলোতে শুরু থেকে শেষ পর্যন্ত মাঠে ছিলেন এই মিডফিল্ডার। শুধু গ্রুপ পর্বে ইরাকের বিপক্ষে তাকে বিশ্রাম দিয়েছিল কোচিং স্টাফ।
চুয়ামেনির অনুপস্থিতিতে মাঝমাঠে তার জায়গায় সুযোগ পেতে পারেন মানু কোনে। গ্রুপ পর্বে ইরাকের বিপক্ষেও চুয়ামেনির পরিবর্তে খেলেছিলেন তিনি। এবারও আদ্রিয়েন র্যাবিওটের সঙ্গে মাঝমাঠে জুটি বাঁধার সম্ভাবনা সবচেয়ে বেশি কোনেরই।
তবে চুয়ামেনির অনুপস্থিতি ছাড়া শুরুর একাদশে বড় কোনো পরিবর্তন আনার পরিকল্পনা নেই ফ্রান্সের। শেষ ৩২-এর ম্যাচে সুইডেনকে ৩-০ গোলে হারানো দলটির মূল কাঠামোই ধরে রাখতে চান কোচ। বাঁ প্রান্তে লুকাস ডিগনি এবং ব্রাডলি বারকোলাও নিজেদের জায়গা ধরে রাখবেন বলেই ধারণা করা হচ্ছে।
চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছে ফ্রান্স। গ্রুপ পর্বে টানা তিনটি ম্যাচ জিতে তারা সহজেই নকআউট পর্ব নিশ্চিত করে। এরপর শেষ ৩২-এর লড়াইয়ে সুইডেনকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলোয় জায়গা করে নেয়। আক্রমণ ও রক্ষণ, দুই বিভাগেই ধারাবাহিক পারফরম্যান্স দেখানো দলটির জন্য তাই চুয়ামেনির ছিটকে যাওয়া বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে।
অন্যদিকে প্যারাগুয়েও দুর্দান্ত পারফরম্যান্স করে শেষ ষোলো নিশ্চিত করেছে। ফলে দুই দলের এই লড়াইকে নকআউট পর্বের অন্যতম আকর্ষণীয় ম্যাচ হিসেবে বিবেচনা করা হচ্ছে। মাঝমাঠে বল নিয়ন্ত্রণ, রক্ষণে ভারসাম্য এবং আক্রমণ গড়ে তোলার ক্ষেত্রে চুয়ামেনির অভিজ্ঞতা ফ্রান্সের জন্য গুরুত্বপূর্ণ ছিল। তাকে ছাড়াই এখন কোয়ার্টার ফাইনালে ওঠার কঠিন পরীক্ষায় নামতে হবে দিদিয়ের দেশমের শিষ্যদের।
ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ফ্রান্স ও প্যারাগুয়ের ম্যাচটি বাংলাদেশ সময় রোববার (৫ জুলাই) দিবাগত রাত ২টায় শুরু হবে। এই ম্যাচের বিজয়ী দল নিশ্চিত করবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিট।