প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টির কারণে আজ মঙ্গলবার (৭ জুলাই) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বড়পর্দায় আর্জেন্টিনা–মিশর ম্যাচের নির্ধারিত সম্প্রচার স্থগিত করা হয়েছে। আয়োজন বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ‘এথলেট স্পোর্টস গিয়ার’ বিকেলে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। খোলা মাঠে আয়োজনের ক্ষেত্রে প্রযুক্তিগত ও নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সার্বিক সহযোগিতায় মঙ্গলবার রাত ১০টায় অনুষ্ঠিতব্য আর্জেন্টিনা–মিশর ম্যাচটি ক্যাম্পাসের পাঁচটি ভেন্যুতে বড়পর্দায় সম্প্রচারের পরিকল্পনা ছিল।
নির্ধারিত ভেন্যুগুলো হলো টিএসসি, হাজী মুহম্মদ মুহসীন হলের খেলার মাঠ, কবি জসীমউদদীন হলের খেলার মাঠ, জগন্নাথ হল উপাসনালয় এবং ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হলের খেলার মাঠ।
আয়োজকদের বিজ্ঞপ্তিতে বলা হয়, খোলা মাঠে উন্মুক্ত পরিবেশে বড়পর্দায় খেলা সম্প্রচারের ক্ষেত্রে প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টির কারণে প্রযুক্তিগত জটিলতা সৃষ্টি হওয়ার পাশাপাশি নিরাপত্তা ঝুঁকিও বেড়ে যায়। এসব বিষয় বিবেচনায় নিয়ে মঙ্গলবারের আয়োজন স্থগিত করা হয়েছে।
তবে আবহাওয়া স্বাভাবিক থাকলে আগামীকাল বুধবার (৮ জুলাই) থেকে নির্ধারিত পাঁচটি ভেন্যুতে বিশ্বকাপের ম্যাচগুলো যথারীতি বড়পর্দায় সম্প্রচার করা হবে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।
অনাকাঙ্ক্ষিত এ পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করে আয়োজকরা সবার নিরাপত্তা ও সুস্থতা কামনা করেছেন।